State

বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, বইবে ঝড়, কবে থেকে দুর্যোগ, পাওয়া গেল পূর্বাভাস

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ সোমবার রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ের। তার জের পড়বে পশ্চিমবঙ্গের ওপরও। দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস। কবে থেকে শুরু তাও জানা গেল।

হেমন্তের ভোর ও রাতের দিকে আলতো ঠান্ডার পরশ। দিনভর রোদ ঝলমলে আকাশ। এটাই বেশ কয়েকদিন ধরে চলছে। কিন্তু সেই ঝলমলে দিন বদলে যেতে চলেছে মেঘে ঢাকা আকাশে। বিভিন্ন জায়গায় বইবে ঝড়। যার গতি থাকবে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত।

সেই সঙ্গে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে অনেক জায়গায়। দক্ষিণবঙ্গের প্রায় অধিকাংশ জেলাই এই দুর্যোগের কবলে পড়বে। যার আগাম সতর্কতা আবহাওয়া দফতর দিয়ে দিয়েছে।

এই পরিবেশ বদল দেখতে পাওয়া যাবে আগামী বুধবার থেকে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি চলবে। মঙ্গলবারও কয়েকটি জেলায় এমন পরিস্থিতি শুরু হয়ে যেতে পারে। যার মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই ৪ জেলা।

বুধবার ও বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে অনেক জায়গায়। এই ২ দিনে ঝড়ের গতি ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টাতেও পৌঁছতে পারে কয়েকটি জেলায়।

শুক্রবার উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে এমন পরিস্থিতি চলবে বলে মনে করছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের মঙ্গলবার থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

বাদ যাচ্ছেনা উত্তরবঙ্গের জেলাগুলিও। উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি ও ঝড় বইবে বৃহস্পতি ও শুক্রবার। সেখানেও বদলে যেতে চলেছে বর্তমান আবহাওয়া।

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হবে রবিবার। সোমবারের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তারপর সেটির উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে সেখান দিয়ে স্থলভাগে প্রবেশ করার কথা। যার প্রভাব পড়বে দক্ষিণবঙ্গেও।

Show Full Article