SciTech

একই সুর মানুষ আর পাখি চেনে আলাদাভাবে, জানাল নতুন গবেষণা

একই শব্দ শুনে সকলের অনুভূতি কি এক হয় এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা এমন কিছু জানতে পারলেন যা সত্যিই অবাক করার মত।

একটি চেনা গান অন্য বাদ্যযন্ত্রে বাজানো হলে অনেকেই সহজে চিনে ফেলেন। কারণ গানের সুরের ওঠানামা মনে থেকে যায়। কিন্তু একই সুর শুনলে একটি পাখিও কি ঠিক একইভাবে সেটিকে চিনতে পারবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে চমকপ্রদ তথ্য পেলেন বিজ্ঞানীরা।

নেদারল্যান্ডসের অ্যামস্টারডাম বিশ্ববিদ্যালয় এবং লেইডেন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মানুষের সঙ্গে জেব্রা ফিঞ্চ নামে একধরনের ছোট গায়ক পাখির শ্রবণক্ষমতার তুলনা করেছেন। পরীক্ষায় মানুষ এবং পাখিদের শোনানো হয় ৫টি স্বর দিয়ে তৈরি বিশেষ শব্দের ক্রম। তারপর কখনও স্বরের উচ্চতা, কখনও শব্দের গঠন বদলে পরীক্ষা করা হয়, তারা আগের শব্দের সঙ্গে মিল খুঁজে পায় কি না।

ফলাফলে ধরা পড়ে আশ্চর্য পার্থক্য। মানুষ সাধারণত কোনও সুর চিনতে স্বরের উঁচু নিচু হওয়ার ধারার ওপর সবচেয়ে বেশি নির্ভর করে। অথচ জেব্রা ফিঞ্চ শুধু স্বরের উচ্চতা নয়, শব্দের ভিতরের বিশেষ কম্পাঙ্কের বিন্যাসও একসঙ্গে বিচার করে। অর্থাৎ একই শব্দ শুনেও সেটিকে চেনার জন্য মানুষ ও পাখি আলাদা সূত্র ব্যবহার করে।

আরও একটি বিষয় নজর কেড়েছে গবেষকদের। যাঁদের সংগীতচর্চার অভিজ্ঞতা বেশি তাঁরা স্বরের উচ্চতা থেকে পাওয়া তথ্য অস্পষ্ট হলে শব্দের অন্য বৈশিষ্ট্য কাজে লাগাতে তুলনামূলক ভাবে বেশি সক্ষম হন। ফলে শ্রবণ ক্ষমতার এই পার্থক্যে জন্মগত বৈশিষ্ট্যের পাশাপাশি অভিজ্ঞতারও ভূমিকা থাকতে পারে।

কমিউনিকেশনস বায়োলজি পত্রিকায় প্রকাশিত এই গবেষণা দেখাল কান দিয়ে একই শব্দ শোনা মানেই মস্তিষ্কে একইভাবে তার বিশ্লেষণ হওয়া নয়। পাখির গান, মানুষের সংগীত এবং ভাষা বোঝার রহস্য উন্মোচনে এই ফলাফল নতুন দিশা দেখাতে পারে।

Show Full Article