SciTech

৫৪ কোটি বছর পেরিয়েও হারিয়ে যায়নি, অভিনব তথ্য খুঁজে পেলেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কত কিছু বদলে গেছে কোটি কোটি বছরে। তবু হারিয়ে যায়নি এক প্রাচীন প্রাণিগোষ্ঠী। তার অতীত ঘেঁটে অবাক বিজ্ঞানীরা।

সমুদ্রের তলায় বাস করা ছোট্ট এক প্রাণি। দেখতে অনেকটা ঝিনুকের মত। কিন্তু তার বংশের ইতিহাস খুঁজতে গেলে ফিরে যেতে হয় প্রায় ৫৪ কোটি বছর আগে। পৃথিবীতে তখন প্রাণের জগত আজকের মত ছিলনা। এত দীর্ঘসময় ধরে একের পর এক ভয়াবহ গণবিলুপ্তি পেরিয়েও প্রাণিগোষ্ঠীটি এখনও হারিয়ে যায়নি, এটাই এক আশ্চর্য।

এই প্রাণির নাম ব্র্যাকিওপড। শরীর ঢাকা থাকে ২টি শক্ত খোলসে। তবে সাধারণ ঝিনুকের সঙ্গে তার ঘনিষ্ঠ আত্মীয়তা নেই। ঝিনুকের খোলসের ২ পাশ সাধারণত পরস্পরের প্রতিবিম্বের মতো হলেও ব্র্যাকিওপডের ২টি খোলসের গড়ন আলাদা। খোলসের ভিতরে রয়েছে বিশেষ একটি অঙ্গ। সেটি জল থেকে খাবারের কণা সংগ্রহ করতে সাহায্য করে।

স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অফ সেন্ট অ্যানড্রুজের গবেষকেরা জীবিত ব্র্যাকিওপডদের ৫টি প্রধান বর্গ এবং সম্পর্কিত প্রাণিদের জিনগত তথ্য বিশ্লেষণ করেছেন। তাঁদের গবেষণা বলছে ব্র্যাকিওপড, ব্রায়োজোয়ান এবং ফোরোনিড নামে ৩ ধরনের প্রাণির বহু পুরনো এক সাধারণ পূর্বপুরুষ ছিল। সেই পূর্বপুরুষ দেখতে সম্ভবত কৃমির মত ছিল।

গবেষণায় আরও এক চমক মিলেছে। ব্র্যাকিওপডের খোলস একসময় মূলত ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে তৈরি হলেও বিবর্তনের পথে কয়েকটি শাখায় ক্যালসিয়াম ফসফেট সমৃদ্ধ খোলসের উদ্ভব হয়েছে। একটি প্রাণিগোষ্ঠীর মধ্যে এমন খনিজ পরিবর্তন বিজ্ঞানীদের বিশেষ আগ্রহের বিষয়।

প্রাচীন ক্যামব্রিয়ান যুগের শিলাস্তরেও এদের জীবাশ্ম পাওয়া গেছে। আজও পৃথিবীর নানা সমুদ্রে এই প্রাণিগোষ্ঠীর সদস্যদের দেখা মেলে। গবেষণাটি প্রকাশিত হয়েছে সায়েন্স অ্যাডভান্সেস পত্রিকায়। তবে আজকের ব্র্যাকিওপডগুলি ৫৪ কোটি বছর ধরে একই রকম রয়ে গেছে, এমন নয়। বদলেছে তাদের বিভিন্ন বংশধারা। টিকে রয়েছে সেই প্রাচীন প্রাণিগোষ্ঠীর ধারাবাহিকতা।

Show Full Article