ছোট হয়ে যাচ্ছে চাঁদ, বুকে ১০ হাজারের বেশি ফাটল, নতুন রহস্যের খোঁজ পেলেন বিজ্ঞানীরা
রাতের আকাশের চেনা চাঁদকে নিয়ে নতুন তথ্য সামনে আনলেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক গবেষণায় এমন কিছু জানা গেছে যা সত্যিই অবাক করার মতো।
রাতের আকাশে যে চাঁদকে দেখতে বিশ্ববাসী অভ্যস্ত সেই চাঁদই নাকি একটু একটু করে ছোট হচ্ছে। শুনতে অবাক লাগলেও বিজ্ঞানীরা এবার এর নয়া প্রমাণ পেয়েছেন। সেই প্রমাণ ছড়িয়ে রয়েছে চাঁদের বুক জুড়ে।
চাঁদের মাটিতে ১০ হাজারের বেশি অপেক্ষাকৃত নতুন ফাটল এবং উঁচুনিচু ভূখণ্ডের চিহ্ন সনাক্ত করেছেন আমেরিকার স্মিথসোনিয়ান ইন্সটিটিউশনের গবেষকেরা। নাসার লুনার রিকনেসান্স অরবিটার থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করেই সামনে এসেছে এই তথ্য।
গবেষকদের হিসাবে গত ৪০ কোটি থেকে ৮০ কোটি বছরে চাঁদের ব্যাসার্ধ প্রায় ৪৫ মিটার কমেছে। অর্থাৎ চাঁদ সত্যিই সঙ্কুচিত হচ্ছে। তবে এত ধীরে যে পৃথিবী থেকে চাঁদের দিকে তাকিয়ে তার কোনও পরিবর্তন বোঝার উপায় নেই।
কিন্তু এমন হচ্ছে কেন? বিজ্ঞানীরা জানাচ্ছেন চাঁদের ভিতরের উত্তপ্ত অংশ ক্রমশ ঠান্ডা হচ্ছে। আর ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে ভিতরের অংশ সঙ্কুচিত হওয়ায় বাইরের শক্ত ভূত্বকে চাপ তৈরি হচ্ছে। সেই চাপেই কোথাও মাটি ফেটে যাচ্ছে। আবার কোথাও একটি অংশ অন্য অংশের উপর উঠে তৈরি করছে ছোট ছোট খাড়াই ঢাল।
পৃথিবীর মতো চাঁদের ভূত্বক অনেকগুলি চলমান পাতের সমষ্টি নয়। তাই তার গায়ে নানা জায়গায় ফাটল তৈরি হতে পারে। এই ফাটল নড়ে উঠলে চাঁদে ভূমিকম্পও হতে পারে।
ভবিষ্যতে মানুষ চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরি করতে চাইলে বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ। কোথায় মাটি তুলনামূলক স্থিতিশীল, কোথায় কম্পনের আশঙ্কা বেশি, তা আগেভাগে জানা প্রয়োজন। অর্থাৎ দূর থেকে নিশ্চল মনে হলেও চাঁদ আজও বদলে চলেছে।











