পাথরও বাষ্প হয়ে যায়, গ্রহ না তারা, দেখে অবাক বিজ্ঞানীরা
পৃথিবী থেকে বহু দূরে থাকা এক গ্রহকে ঘিরে নতুন তথ্য পেলেন বিজ্ঞানীরা। সেই তথ্যই খুলে দিতে পারে অজানা অনেক দরজা।
পৃথিবী থেকে প্রায় ৩২০ আলোকবর্ষ দূরে এমন এক গ্রহ রয়েছে যেখানে ভয়ংকর উত্তাপে পাথর তৈরির উপাদানও গ্যাস হয়ে ঘুরে বেড়ায়। গ্রহটির নাম ওয়াস্প-১৮৯বি। বিজ্ঞানীদের হিসাবে তার বায়ুমণ্ডলের তাপমাত্রা ৩ হাজার ডিগ্রি সেলসিয়াসেরও বেশি।
এমন পরিস্থিতিতে সাধারণত কঠিন অবস্থায় থাকা বহু উপাদানই বাষ্প হয়ে যায়। তুলা নক্ষত্রমণ্ডলে থাকা এই গ্রহটি বৃহস্পতির মত বিশাল গ্যাসীয় গ্রহ। তবে তার তাপমাত্রা এতটাই বেশি যে সেখানে পৃথিবীর পরিচিত পরিবেশ কল্পনা করাও কঠিন।
এই অগ্নিগর্ভ গ্রহ নিয়েই বিজ্ঞানীদের হাতে এসেছে চমকপ্রদ তথ্য। চিলির জেমিনি সাউথ টেলিস্কোপে বসানো বিশেষ যন্ত্র দিয়ে গ্রহটির বায়ুমণ্ডল থেকে আসা আলো বিশ্লেষণ করেছেন গবেষকেরা। সেখানে ম্যাগনেশিয়াম, সিলিকন এবং লোহার মত পাথর গঠনের গুরুত্বপূর্ণ উপাদানের সন্ধান মিলেছে। এমনকি জলীয় বাষ্প ও কার্বন মনোক্সাইডের উপস্থিতির প্রমাণও পাওয়া গেছে।
সবচেয়ে আশ্চর্যের বিষয় এই প্রথমবার সৌরজগতের বাইরের কোনও গ্রহের বায়ুমণ্ডলে ম্যাগনেশিয়াম এবং সিলিকনের অনুপাত একসঙ্গে নির্ধারণ করা সম্ভব হয়েছে। আর সেই অনুপাতের সঙ্গে মিলে গেছে গ্রহটির মূল নক্ষত্রে থাকা একই উপাদানের অনুপাত।
কিন্তু এত দূরের একটি গ্রহের সঙ্গে তার নক্ষত্রের রাসায়নিক মিল কেন? বিজ্ঞানীদের ব্যাখ্যা, নক্ষত্র ও গ্রহ একই আদিম গ্যাস এবং ধুলোর ভান্ডার থেকে তৈরি হয়। ফলে গ্রহ তৈরির উপাদানের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র থাকতে পারে এই মিলের মধ্যে।
নেচার কমিউনিকেশনস পত্রিকায় প্রকাশিত গবেষণাটি তাই শুধু একটি উত্তপ্ত গ্রহের কথা বলছে না, ভবিষ্যতে পৃথিবীর মতো পাথুরে গ্রহের অন্দরমহল কেমন হতে পারে, সেই রহস্য বোঝারও নতুন রাস্তা খুলে দিচ্ছে। তবে ওয়াস্প-১৮৯বি কোনওভাবেই প্রাণের উপযোগী গ্রহ নয়।











