পর্যটকের তোলা ছবিতে ১২ কোটি বছর পুরনো পায়ের ছাপ মিলল থাইল্যান্ডে
বেড়াতে গিয়ে অনেক কিছুরই ছবি তোলেন পর্যটকেরা। থাইল্যান্ডে তোলা এমনই একটি ছবি কার্যত দুনিয়া জুড়ে খবরে পরিণত হল। জানা গেল সেটি ১২ কোটি বছর পুরনো পায়ের ছাপ।
পরিবারের সঙ্গে আর পাঁচজনের মত তিনিও গিয়েছিলে সবুজের মাঝে বেড়াতে। ৩২ বছরের ওই যুবক ছবিও তুলছিলেন। যেখানে গিয়েছিলেন সেখানে একটি প্রায় শুকিয়ে যাওয়া পাহাড়ি নদীর দেখা পান।
নদীটি অনেকটা শুকিয়ে যাওয়ায় নদীর পাশে একটি পাথরের ওপর আশ্চর্য পায়ের ছাপ দেখতে পান তিনি। ছবি তুলে ফেলেন। কিন্তু কিসের পায়ের ছাপ তা বুঝে উঠতে পারেননি।
পরে সমাজ মাধ্যমে ছবিটি পোস্ট করে দেন। যা নজরে পড়ে বিশেষজ্ঞদেরও। তাঁরা সে ছবি খতিয়ে দেখে বুঝতে পারেন কত বড় এক আবিষ্কার করে ফেলেছেন ওই যুবক।
বিশেষজ্ঞেরা জানিয়ে দেন সেটি দোপেয়ে এক প্রজাতির ডাইনোসরের পায়ের ছাপ। সেখানে ৬টি এমন পায়ের ছাপের খোঁজ পাওয়া যায়। উত্তর পূর্ব থাইল্যান্ডের ফু ফ্রাবাত ন্যাশনাল পার্কে বেড়ানোর সময় এই পায়ের ছাপের ছবি তোলেন ওই যুবক।
কোথায় তিনি ছবিটি তুলেছিলেন সেই জায়গার খোঁজ নিয়ে সেখানে হাজির হন বিশেষজ্ঞেরা। ঘিরে ফেলা হয় তার চারপাশ। সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়।
পায়ের ছাপ পরীক্ষা করার পর বিশেষজ্ঞদের ধারনা এগুলি ১২ কোটি বছর পুরনো। সে সময় থাইল্যান্ডের ওই জমিতে এমন ডাইনোসর ঘুরে বেড়াত। এরা মাংসাশী ছিল।
দোপেয়ে এমন ডাইনোসর যে থাইল্যান্ডের জমিতে ঘুরত তার খোঁজ অবশ্য আগেও পাওয়া গেছে। ব্যাংকক পোস্ট সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে।











