Kolkata

লক্ষ্মীপুজোর আগে রকেট গতিতে চড়ছে ফল আনাজের দাম, পরম্পরা রাখতে হিমসিম মধ্যবিত্ত

এ ছবি অবশ্য নতুন কিছু নয়। প্রতিবছরই কোজাগরী লক্ষ্মীপুজোর আগে রকেটের গতি নেয় ফল ও আনাজের দাম। পরম্পরা বজায় রাখতে হিমসিম মধ্যবিত্ত।

দুর্গাপুজোর কটা দিনে এমনিতেই খরচ বাজেট মানে না। ওই কটা দিন কিছুটা বেহিসাবি হয়ে যান বাংলার মানুষ। বছরে এই কটা দিনের আনন্দের সঙ্গে আপস করতে একেবারেই রাজি নন তাঁরা।

কিন্তু তারপরই আসে কোজাগরী লক্ষ্মীপুজো। অনেক বাড়িতেই এ পুজো হয়ে আসছে। শুধু তো পুজো নয়। পুজোকে কেন্দ্র করে তার সামগ্রি কেনা, পারম্পরিক নিয়ম বজায় রাখা, সব আয়োজনই করতে হয়।

সেখানেই ছেঁকা খাচ্ছেন মধ্যবিত্ত। বাজারে ফল থেকে আনাজ সবকিছুর দামই রকেটের গতি নিয়েছে। ফল দিয়ে পুজো বা ভোগ রান্নার ক্ষেত্রে আনাজের প্রয়োজন রয়েছে।

পুজোর জন্য ধানের শিষ থেকে নানা শস্য থেকে চাঁদমালা থেকে অন্য পুজো সামগ্রি, সব কিছুরই দাম বেড়েছে। সেই সঙ্গে প্রসাদের জন্য দেওয়া আপেল, আতা, কলা, বেদানা, আঙুরের দাম আকাশছোঁয়া। নারকেলের দামও ধরাছোঁয়ার বাইরে। ৬০-৭০ টাকা পিস নারকেল বিক্রি হচ্ছে অনেক জায়গায়।

ভোগ রাঁধতে আনাজের দরকার। বিশেষত পটল, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, টমেটোর মত আনাজের দাম হুহু করে বেড়েছে। পটল ৮০ টাকা থেকে ১০০ টাকা কেজি, ভাল ফুলকপি ১টার দাম পড়ে যাচ্ছে ৫০ টাকার ওপর।

একইভাবে বেড়েছে বাঁধাকপি থেকে টমেটোর দাম সহ অন্যান্য আনাজের দাম। একমাত্র ব্যতিক্রম বোধহয় আলু। জ্যোতি আলুর দাম ১৫ টাকা কেজির মধ্যে সীমাবদ্ধ রয়েছে।

তবে এই দাম বৃদ্ধির ছবি নতুন নয়। প্রতিবছরই দাম বাড়ে। তবে বাঙালির ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো তার জৌলুস হারায় না। কখনও হারাবেও না।

Show Full Article