ডানা না ঝাপটিয়েই হাজার হাজার কিলোমিটার উড়ে যায়, আকাশে অবিশ্বাস্য কাণ্ড ঘটায় এই পাখি
প্রকৃতির বুকে এমন অনেক রহস্য লুকিয়ে রয়েছে যা জানলে অবাক হতে হয়। এবার এক বিশাল পাখিকে নিয়ে সামনে এল তেমনই চমকপ্রদ তথ্য।
আকাশে ডানা মেলে ভেসে চলেছে বিশাল এক পাখি। ঘণ্টার পর ঘণ্টা উড়ছে। অথচ ডানা ঝাপটানোর প্রায় প্রয়োজনই হচ্ছেনা। কীভাবে এমনটা সম্ভব? দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার আকাশে উড়ে বেড়ানো অ্যান্ডিয়ান কন্ডরকে ঘিরে বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে অবাক করা তথ্য।
কন্ডরের ওড়ার সময়ের মাত্র ০.১ শতাংশ অংশে ডানা ঝাপটানোর প্রয়োজন পড়ে। বাকি সময় সে ভরসা করে প্রকৃতির এক অদৃশ্য শক্তির ওপর।
সূর্যের তাপে মাটি গরম হলে তার ওপরের বাতাস উষ্ণ হয়ে ওপরে উঠতে থাকে। সেই উর্ধ্বমুখী বায়ুপ্রবাহে ডানা ছড়িয়ে ভেসে ওঠে কন্ডর। তারপর এক প্রবাহ থেকে অন্য প্রবাহে পৌঁছে এগিয়ে যায় অনেকটা পথ।
বিষয়টি বুঝতে বিজ্ঞানীরা ৩৮টি প্রজাতির ৮৫০টি পাখি ও বাদুড়ের গতিবিধি বিশ্লেষণ করেছেন। তাঁদের হাতে ছিল ১৭ বছরের তথ্য। গবেষণায় দেখা গেছে অ্যান্ডিয়ান কন্ডর এবং ট্রাম্পেটর সোয়ানের ওজন প্রায় একই। প্রায় ১১ কিলোগ্রাম।
অথচ প্রতি কিলোমিটার উড়তে রাজহাঁসটির যে শক্তি খরচ হয়, কন্ডরের লাগে তার মাত্র ৫ ভাগের ১ ভাগ। কারণ রাজহাঁসটিকে উড়ানের প্রায় ৯৯ শতাংশ সময় ডানা ঝাপটাতে হয়।
তবে বাতাসের এই সুবিধা সব সময় মেলে না। তাই আবহাওয়া বদলালে কন্ডরের মতো পাখিদের উড়ানের পথ এবং সময়ও বদলে যেতে পারে।











