ভিত্তিহীন এবং মনগড়া, মমতার অভিযোগ নস্যাৎ করে জানাল নির্বাচন কমিশন
সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন। সেসব অভিযোগ ভিত্তিহীন এবং মনগড়া বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন।
ভোট গণনার দিন সাখাওয়াত মেমোরিয়াল স্কুল ছিল একটি ভোট গণনা কেন্দ্র। সেখানেই গণনা হচ্ছিল হাইভোল্টেজ ভবানীপুর আসনের। মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মধ্যে কে জিতবেন তা জানতে মুখিয়ে ছিল গোটা রাজ্য।
কাউন্টিংয়ের সময় সেখানে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি বেরিয়ে এসে একাধিক অভিযোগ সামনে আনেন। যা মঙ্গলবার সাংবাদিক বৈঠকেও তোলেন তিনি।
মমতার দাবি, তাঁকে ভোট গণনা কেন্দ্রে ধাক্কা দেওয়া হয়েছিল। নিগ্রহ করা হয়েছিল। সিসিটিভি বন্ধ রাখা হয়েছিল সেই সময়। তিনি ভোট লুঠের অভিযোগও করেন। তাঁর অভিযোগের তির ছিল সরাসরি নির্বাচন কমিশনের দিকে।
মমতার সেই সাংবাদিক বৈঠকের পর পাল্টা জবাব দিলেন কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক। তিনি একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব অভিযোগ ভিত্তিহীন এবং মনগড়া। গণনা স্বচ্ছতা বজায় রেখেই হয়েছে। নির্বাচন কমিশনের যাবতীয় নিয়ম মেনে হয়েছে। এমনকি সিসিটিভি যে কোনও সময়ই বন্ধ হয়নি তাও জানিয়ে দেন তিনি।
বিদায়ী মুখ্যমন্ত্রী যে ধাক্কা ও নিগ্রহের অভিযোগ এনেছেন তাও ভিত্তিহীন বলেই নস্যাৎ করে দিয়েছেন কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক। প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন তাঁকে পদাঘাতও করা হয়েছিল।
ডিইও আরও জানান, ভোট গণনার দিন বিকেলে কিছুক্ষণের জন্য সেখানে গণনা বন্ধ করা হয়েছিল। আর তা করা হয়েছিল মমতার অনুরোধেই। মমতাই চেয়েছিলেন তাই।
তবে কিছুক্ষণ বন্ধ থাকার পর গণনা নির্বাচন কমিশনের নিয়ম মেনে ফের চালু হয়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে কটি অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে এনেছিলেন তার সবকটিই এদিন নস্যাৎ করে দিয়েছে কমিশন।












