কালীপুজোর আগে বাংলার বড় প্রাপ্তি, জয়পুর যাওয়ার নতুন ট্রেন পেলেন বঙ্গবাসী
সামনে কালীপুজো ও দিওয়ালী। তার আগে বাংলা পেল একটি নতুন ট্রেন। গোলাপি শহর জয়পুর পৌঁছনো হল অনেক সহজ। কবে কোথা থেকে ছাড়বে ট্রেনটি।
দেশের রেল মানচিত্রে বাংলার আরও একটি প্রাপ্তি। এবার এ রাজ্য থেকে গোলাপি শহর জয়পুর পৌঁছনো আরও সহজ হয়ে গেল। পশ্চিমবঙ্গ ও রাজস্থান জুড়ে গেল একটি নতুন ট্রেনের হাত ধরে। কালীপুজো ও দিওয়ালীর আগে বাংলা পেল নতুন উপহার।
একটি নতুন দূরপাল্লার ট্রেন। ট্রেনটি সাঁতরাগাছি স্টেশন থেকে পৌঁছবে জয়পুরের নিকটবর্তী স্টেশন খাতিপুরা-তে। ভিডিও মারফত ট্রেনটির প্রথম যাত্রার সূচনা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
প্রথম ট্রেনটি সোমবার খাতিপুরা থেকে যাত্রা করে। এদিন আনুষ্ঠানিক আরম্ভ হলেও ট্রেনটি যাত্রী নিয়ে যাতায়াত শুরু করছে ৪ নভেম্বর থেকে। ওইদিন সাঁতরাগাছি থেকে ট্রেনটি যাত্রা করবে। শুরু হবে নতুন পথচলা। ফিরতি ট্রেনটি ৬ নভেম্বর খাতিপুরা থেকে সাঁতরাগাছির উদ্দেশে যাত্রা করবে।
প্রতি বুধবার সাঁতরাগাছি থেকে দুপুর সওয়া ২টোয় ছাড়বে ট্রেনটি। পরদিন বৃহস্পতিবার রাত ১১টায় খাতিপুরা পৌঁছবে। প্রতি শুক্রবার খাতিপুরা থেকে সকাল ৯টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে ট্রেনটি শনিবার সন্ধে ৭টা ৪৫ মিনিটে সাঁতরাগাছি ঢুকবে।
সাঁতরাগাছি খাতিপুরা এক্সপ্রেস নামে এই ট্রেনটি ৫টি রাজ্যের ওপর দিয়ে যাত্রা করবে। সেগুলি হল পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ এবং রাজস্থান। ১৫০০ কিলোমিটার পথ অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে ৩২ ঘণ্টা ৪৫ মিনিট।
৫টি রাজ্যের বাসিন্দারা এতে উপকৃত হবেন। পর্যটক থেকে ব্যবসায়ী বা অন্য কোনও কাজে যাতায়াত করার জন্য এই ট্রেনটি নতুন সুবিধার পথ খুলে দিল।











