বন্দে ভারত ট্রেনের প্রযুক্তিগত উন্নতিতে জোর রেলের, বিশেষ উদ্যোগে সহযোগী আইআইটি
ভারতের নতুন রেল পরিষেবার ক্ষেত্রে বন্দে ভারত অন্যতম প্রতীক ও পথিকৃৎ হয়ে উঠেছে। সেই বন্দে ভারতকে অন্য উচ্চতায় তুলে নিয়ে যেতে বিশেষ ব্যবস্থা করল রেল।
বন্দে ভারত ট্রেন ক্রমশ বেড়ে চলেছে। ৭৯টি বন্দে ভারত ট্রেন সারা ভারত জুড়ে নিয়মিত যাত্রী পরিষেবা দিয়ে চলেছে। এরমধ্যে ১টি আবার স্লিপার। হাওড়া থেকে অসমের কামাখ্যার মধ্যে চলছে এই স্লিপার কোচের বন্দে ভারত। বাকিগুলোতে বসার আসন রয়েছে।
আগামী দিনে আরও বন্দে ভারত ট্রেন দেশজুড়ে ছড়িয়ে দিতে চায় ভারতীয় রেল। আধুনিক রেল পরিষেবার ক্ষেত্রে বন্দে ভারত একটি পোস্টার ট্রেন হয়ে উঠেছে। সেই বন্দে ভারতকে আরও উন্নত করে তুলে যাত্রী পরিষেবার মান বৃদ্ধিতে এবার আইআইটি খড়গপুরের সঙ্গে হাত মেলাল রেল।
বন্দে ভারতের অপারেশনাল স্টাফ বা পরিচালন কর্মীদের বিশেষ প্রশিক্ষণ প্রদান করবে আইআইটি খড়গপুর। উন্নত ট্র্যাকশন ও প্রপালশন সিস্টেম, ট্রেন কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম, কন্ডিশন মনিটরিং, রিজেনারেটিভ ব্রেকিং সম্বন্ধে তাঁদের প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রশিক্ষণ দেওয়া হবে বৈদ্যুতিক নিরাপত্তা, নির্ভরযোগ্য প্রকৌশলের ওপর। সবকিছুর লক্ষ্য একটাই। যাত্রীদের উন্নত ও সুরক্ষিত পরিষেবা প্রদান করা। যা বন্দে ভারতের মত সেমি-হাইস্পিড ট্রেনকে আরও আধুনিক ও উন্নত করে তুলবে।
আরও বন্দে ভারত স্লিপার কোচ তৈরি হচ্ছে। যার হাত ধরে আগামী দিনে আরও স্লিপার বন্দে ভারত যাত্রী নিয়ে বিভিন্ন রুটে ছুটবে। এজন্য আরও দক্ষ কর্মীর প্রয়োজন পড়বে। তাঁদেরও তৈরি করা হবে এই যৌথ উদ্যোগের মধ্যে দিয়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











