জলের তলায় পাওয়া গেল ১০ হাজার ৫০০ বছর পুরনো কাঠের কাঠামো, এখনও একই রয়ে গেছে
জলের তলায় ১০ হাজার ৫০০ বছর কাটিয়ে দিয়েছে একটি কাঠের কাঠামো। আরও কতদিন কাটাত অজানা। কারণ তা অবশেষে নজরে পড়ল। তুলেও আনা হল।
একটি কাঠের বড় কাঠামো। লম্বাটে কাঠামো। একটা দিক বাঁকা মত করে তৈরি করা। যা একটি হ্রদের তলায় কাটিয়ে দিয়েছে ১০ হাজার ৫০০ বছর। কিন্তু কাঠের সেই কাঠামোর কোনও ক্ষতি হয়নি। প্রায় যেমন কার তেমন রয়ে গেছে সেটি।
১০ হাজার ৫০০ বছরে পচনও ধরেনি তাতে। এমনকি কাঠের ওপর করা কারুকার্যও সুন্দর রয়ে গেছে। যা অবাক করেছে প্রত্নতাত্ত্বিকদের। যাঁরা এটি জল থেকে তুলে নিয়ে আসেন।
হ্রদের ৬৫ ফুট তলায় পড়েছিল কাঠের কাঠামোটি। যা দেখার পর প্রত্নতাত্ত্বিকরা জানতে পারলেন ১০ হাজারের বেশি বছর আগে এখানে মেসোলিথিক বা মধ্য প্রস্তর যুগের শিকারিরা কাঠের কাজ জানতেন।
এমনকি অনেক বিশেষজ্ঞের ধারনা এই কাঠের কাঠামোটি কোনও বাড়ির অংশ। যা হয়তো কোনও বড় বাড়ি ছিলনা। ছিল কাঠের ছোট ঘরের মত। তার কোনও স্তম্ভের কাজ হয়তো করত এই কাঠামোটি।
যদিও নিশ্চিত করে কিছুই এখনও জানাচ্ছেন না প্রত্নতাত্ত্বিকরা। এটি পাওয়ার পর আরও পরীক্ষা করে দেখতে চান তাঁরা। এই কাঠের কাঠামোটি জার্মানির লেক আরেন্দসি-তে পাওয়া গেছে।
১০ হাজার ৫০০ বছর ধরে এই কাঠের কাঠামো এত ভাল রইল কীভাবে? এর উত্তর খুঁজতে গিয়ে প্রত্নতাত্ত্বিকরা দেখেন এই হ্রদটির তলদেশে ক্রমশ কাদামাটি পড়ে পলির স্তর তৈরি হয়নি। বরং হ্রদের তলদেশ কিছুটা করে বসে যাচ্ছে।
হ্রদের তলদেশের মাটির ওপর পড়ে থাকা কাঠের কাঠামোটির ওপর কেবল একটি পাতলা মাটির স্তর পাওয়া গেছে। সেটুকুই স্তর পড়েছে এতকালে। এই পলির স্তরই আবার কাঠের কাঠামোটিকে এতটা ভাল অবস্থায় থেকে যেতে সাহায্য করেছে।











