মহাসপ্তমীর সন্ধ্যায় নামল ঝেঁপে বৃষ্টি, বাকি পুজোতেও কি বৃষ্টি হবে, কি বলছে পূর্বাভাস
মহাসপ্তমীর সন্ধ্যেয় ঠাকুর দেখতে বেরিয়ে ঝেঁপে বৃষ্টির মধ্যে পড়তে হল অনেক মানুষকে। পুজোর বাকি দিনগুলোও কি বৃষ্টিতে ভিজতে হবে, পাওয়া গেল পূর্বাভাস।
এখন বিকেল সাড়ে ৫টার মধ্যেই সন্ধে নেমে যাচ্ছে। ফলে তারমধ্যেই কলকাতা আলোর বন্যায় ভাসছে। আর যতই সন্ধে নেমেছে, যতই আলো জ্বলেছে, ততই কলকাতার উত্তর থেকে দক্ষিণে মানুষের ঢল নেমেছে।
আর ঠিক সে সময়ই উৎসবের আনন্দের তাল কাটল ঝেঁপে নামা বৃষ্টি। ঠাকুর দেখতে বেরিয়ে নতুন পোশাক থেকে জুতো ভিজে একসা। অনেকেই চেষ্টা করেছেন কোনও ঢাকা জায়গার তলায় আশ্রয় নিতে।
পুজোর মধ্যে বৃষ্টি থেকে বাঁচতে ছাতা নেওয়ার রাস্তায় প্রায় কেউই হাঁটেননি। কতিপয় মানুষ যদিও বা ছাতা সঙ্গে এনেছিলেন, ঝেঁপে বৃষ্টি সে ছাতায় আটকায়নি।
সপ্তমীর সন্ধেয় কলকাতার উত্তর থেকে মধ্য যতটা ভিজেছে ততটা অবশ্য দক্ষিণ কলকাতা ভেজেনি। তবে হাওড়া রেহাই পায়নি। প্রবল বৃষ্টি হয়েছে সেখানেও।
এ বৃষ্টি অবশ্য স্থানীয়ভাবে তৈরি হওয়া মেঘ থেকে হয়েছে। এদিন আগে থেকেই কলকাতা সহ হাওড়া, দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস ছিল। সেইমতই কলকাতা ভিজেছে সন্ধের বৃষ্টিতে।
সপ্তমীতে বৃষ্টির পর অনেকেরই মনে প্রশ্ন তাহলে কি পুজোর বাকি দিনগুলোতেও বৃষ্টি হবে? এখনও পুজোর দ্বিতীয় সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী বাকি। ফলে পুজোর আনন্দ চুটিয়ে উপভোগ করার সুযোগ অফুরন্ত।
আবহাওয়া দফতরের পূর্বাভাস কিন্তু বলছে পুজোর বাকি দিনগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই। গোটা বাংলা জুড়েই পুজোর বাকি দিনগুলো ঝলমলে আকাশেই কাটতে চলেছে। যা অবশ্যই রাজ্যর প্রতিটি মানুষের জন্য সুখবর।











