বজ্রপাত উপকারেও লাগে, দেখিয়ে দিল ম্যানগ্রোভ অরণ্য
বজ্রপাতকে সকলেই ভয় পান। তা যে কতটা ক্ষতি করতে পারে তা অনেকেই জানেন। কিন্তু বজ্রপাত যে উপকারেও আসতে পারে সেটা অনেকেরই অজানা।
বজ্রপাত হলে রাস্তায় বা মাঠে বা খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয় সকলকে। শুধু মানুষ বা পশু বলেই নয়, ওই প্রবল ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক ঝলক কেড়ে নেয় অনেক গাছেরও প্রাণ।
বজ্রপাত কেবল খারাপই করতে পারে এমনটাই ধারনা করা হয়। কিন্তু বজ্রপাত ভালও যে করে তার উদাহরণ এবার তুলে ধরলেন গবেষকেরা।
ওয়াইল্ডলাইফ ইন্সটিটিউট অফ ইন্ডিয়া-র গবেষকেরা আন্দামানের ম্যানগ্রোভ অরণ্যে একটি পরীক্ষার পর জানিয়েছেন এই ম্যানগ্রোভ অরণ্যের প্রভূত উপকার করছে বজ্রপাত।
কীভাবে বজ্রপাত উপকারে লাগছে? গবেষকেরা জানিয়েছেন, বজ্রপাতের ফলে ক্যানোপি গ্যাপ বা ঘন জঙ্গলে ঠাসাঠাসি গাছের মাথায় ব্যবধান তৈরি হয়। বজ্রপাতের জেরে সেখানে বড়, ছোট, মাঝারি ব্যবধান তৈরি হয়।
ঘন জঙ্গলে সব গাছ যদি ঝাঁকরা হয়ে তাদের মাথার কাছে গায়ে গায়ে জড়িয়ে থাকে তাহলে গাছের তলায় সূর্যালোক পৌঁছয় না। যা মোটেও ভাল নয়। মাটিতে রোদ এসে পড়েনা। অন্ধকার হয়ে থাকে গাছের তলার অংশ।
কিন্তু বজ্রপাত হলে গাছের মাথায় সেটা পড়ে। ফলে সেখানে থাকা ডালপালা, পাতা ঝলসে গিয়ে একটা ফাটল তৈরি হয়। এই ফাটলগুলি প্রধানত গোলাকার হয়ে থাকে।
সেই সব ফাটল গলে সূর্যালোক এসে পৌঁছয় নিচে, মাটিতে। যা মাটির পক্ষে উপকারি। মাটির তলার ছোট গাছের জন্য উপকারি। নতুন গাছ তৈরির জন্য উপকারি।
ম্যানগ্রোভ অরণ্যের ক্ষেত্রে এই বজ্রপাতের জেরে তৈরি হওয়া ক্যানোপি গ্যাপ দারুণ উপকারি প্রমাণিত হচ্ছে বলে জানিয়েছেন গবেষকেরা। যা নতুন ম্যানগ্রোভ তৈরি হওয়া এবং ম্যানগ্রোভ অরণ্যকে সতেজ রাখতে কাজে লাগছে। রোদ ওই ফাঁক গলে মাঝে মাঝেই নিচে এসে পড়ছে। যা ম্যানগ্রোভ অরণ্যকে নতুন করে সাজিয়ে তুলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











