State

এবার কি বৃষ্টি ভেজা ভাইফোঁটা কাটাতে হবে, কবে বৃষ্টি, কতদিন চলবে, পাওয়া গেল পূর্বাভাস

এবার ভাইফোঁটায় বৃষ্টির সম্ভাবনা নিয়ে পূর্বাভাস দিয়ে দিল আবহাওয়া দফতর। বৃষ্টি কতদিন চলবে, কবে কবে হবে বৃষ্টি। পাওয়া গেল পূর্বাভাস।

কালীপুজোয় এবার ঝলমলে আকাশ থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা নামবে। রাতের দিকে বা ভোরে আলতো শীতের অনুভূতি। কিন্তু এই নামতে থাকা তাপমাত্রা ৩ দিন বজায় থাকবে। তারপর ফের পারদ চড়বে। পরের ২ দিনে ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে উষ্ণতা। যার কারণ লুকিয়ে আছে বৃষ্টিতে।

এবার কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ভাইফোঁটায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা পূর্বাভাস তাতে মঙ্গলবার থেকেই বৃষ্টি বিঘ্নিত হতে পারে আবহাওয়া। ভ্রাতৃদ্বিতীয়া তার পরদিন। অর্থাৎ বুধবার। ওইদিনও বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল।

ভাইফোঁটায় দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির জেরে ভাইফোঁটার উৎসবের মেজাজে তাল কাটতে পারে।

শুধু বুধবার বলেই নয়, পরদিন বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে আবার আকাশ পরিস্কার হবে।

এদিকে ভাইফোঁটার আগের দিন মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় না হলেও কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে পূর্বাভাসে তেমন কোনও ফারাক নেই। বুধবার ভাইফোঁটার দিন এবং তার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার ২ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হতে পারে। যা পূর্বাভাস তাতে পশ্চিমবঙ্গের সব প্রান্তের মানুষকেই ভাইফোঁটায় বৃষ্টির জন্য তৈরি থাকতে হবে।

Show Full Article