Kolkata

যাত্রীদের জন্য পরিচ্ছন্ন নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করতে বড় পদক্ষেপ করল পূর্ব রেল

রেলস্টেশনে যে পানীয় জল পাওয়া যায় তা সম্পূর্ণ পরিচ্ছন্ন ও নিরাপদ করতে বড় পদক্ষেপ গ্রহণ করল পূর্ব রেল। শুরু হল একটি নতুন প্রকল্পের কাজ।

স্টেশনে পাওয়া পানীয় জল নিয়ে অনেক সময় রেল যাত্রীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখতে পাওয়া যায়। যাত্রীদের একাংশ এই জল পান করা এড়িয়ে যান। বরং খরচ করে বোতলবন্দি জল কিনে খান। যাতে পরিচ্ছন্ন জল পেতে পারেন।

তাই এবার রেল যাত্রীদের জন্য পরিচ্ছন্ন ও নিরাপদ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতে দেশজুড়েই শুরু হয়েছে রেলস্টেশন ও রেলে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করা। সেই উদ্যোগে এবার বড় পদক্ষেপ গ্রহণ করল পূর্ব রেল।

চলতি বছরের গত ২০ অগাস্ট থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে পূর্ব রেলের বিভিন্ন ডিভিশন মিলিয়ে ৬ হাজার ৯৫৫টি জলের ট্যাঙ্ক পরিস্কার করা হয়েছে। যারমধ্যে রয়েছে জমি থেকে উপরে তৈরি জলের ট্যাঙ্ক, মাটির তলার রিজার্ভার, পিভিসি ট্যাঙ্ক।

এরমধ্যে হাওড়া ডিভিশনের ২ হাজার ১২৩টি, শিয়ালদা ডিভিশনের ১ হাজার ৪৬৪টি, আসানসোল ডিভিশনের ২ হাজার ৪৪৯টি এবং মালদা ডিভিশনের ৯১৯টি ট্যাঙ্ক পরিস্কার করা হয়েছে।

সেগুলির জলের বিশেষ ট্রিটমেন্ট করা হয়েছে। যাতে যেখান থেকে জল স্টেশন থেকে শুরু করে রেলের চত্বরে থাকা নানা কলে পৌঁছে যাচ্ছে সেই জল পরিচ্ছন্ন ও নিরাপদ থাকে।

কল দিয়ে যে জল বার হচ্ছে কেবল তার পরীক্ষা নয়, যেখান থেকে জল আসছে সেই জলের পরীক্ষাও নিয়মিত করার ব্যবস্থা হয়েছে। এছাড়া পরিচ্ছন্ন পানীয় জলের জন্য ১৩১টি নতুন ক্লোরিনেশন প্লান্ট তৈরি করছে পূর্ব রেল। যা পানীয় জলের নিরাপত্তা ও স্বচ্ছতাকে আরও নিশ্চিত করবে।

Show Full Article