Kolkata

রোগীদের কম দামে উন্নতমানের ওষুধ যোগাতে রাজ্যের ১৬টি সরকারি হাসপাতালে বিশেষ উদ্যোগ

রাজ্যের ১৬টি সরকারি হাসপাতালে রোগীদের জন্য কম খরচে উন্নতমানের ওষুধ যোগানোর ব্যবস্থা করতে পিপিপি মডেলের পথ নিতে চলেছে সরকার।

রাজ্যের সরকারি হাসপাতালে রোগীরা যাতে কম খরচে উন্নতমানের ওষুধ পেতে পারেন, সেজন্য উদ্যোগ নিল সরকার। এজন্য পিপিপি মডেল বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ব্যবস্থা করা হচ্ছে। সংবাদ সংস্থা আইএএনএস সূত্র মারফত পাওয়া খবরে জানাচ্ছে এই ব্যবস্থা ১৬টি সরকারি হাসপাতালে আপাতত চালু হবে।

হাসপাতালগুলিতে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র তৈরি করে কম খরচে রোগীদের কাছে উন্নতমানের ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আপাতত কলকাতার ১১টি সরকারি হাসপাতালে এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা করা হয়েছে।

বাকি ৫টি প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র তৈরি করা হবে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও হাওড়ার সরকারি হাসপাতালে।

পিপিপি মডেলে কেন এই উদ্যোগ নেওয়া হচ্ছে? এর পিছনে রয়েছে বিশেষ কারণ। প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্রগুলি তৈরির পর তা যাতে সুষ্ঠুভাবে কাজ চালিয়ে যেতে পারে, সেগুলির রক্ষণাবেক্ষণ যাতে ঠিকঠাক হয়, সেসব কথা মাথায় রেখেই পিপিপি মডেল বেছে নেওয়া হয়েছে।

প্রথম পর্যায়ে ১৬টি সরকারি হাসপাতালে চালু হবে এই ব্যবস্থা। ইতিমধ্যেই বেসরকারি সংস্থার তরফে টেন্ডার গ্রহণ শুরু হয়েছে। সবই রোগীদের কাছে কম খরচে ওষুধ পৌঁছে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে করা হচ্ছে।

এছাড়া রোগীরা যাতে সহজে হাসপাতালেই ওষুধ পেয়ে যেতে পারেন সেটা মাথায় রাখা হচ্ছে। এই ব্যবস্থা চালু হলে তা রোগীদের জন্য সুবিধাজনক হবে বলেই মনে করছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article