বিদেশিদের রাজ্যে আনতে অভিনব পদক্ষেপ, তাতেই কাজ হল, পর্যটনে রেকর্ড মরুরাজ্যে
দেশের মানুষ এলেই হবেনা, বিদেশি পর্যটক চাই। সেজন্য একটি কাজ লাগাতার করে গেছে মরুরাজ্য। তাতে ফলও হয়েছে। রেকর্ড সংখ্যক বিদেশি পর্যটকের পা পড়ল সেখানে।
দেশের মানুষ তো বেড়াতে সেখানে যানই। বিদেশিরাও আসেন। কিন্তু বিদেশি পর্যটকদের আরও বেশি করে আনতে উদ্যোগী হয়েছিল মরুরাজ্য রাজস্থান। সেই পথ যে কোনও রাজ্যকেই বিদেশিদের তাদের রাজ্যমুখী করে তুলতে পারে।
রাজস্থান পর্যটন তাদের রাজ্যে যাতে বিদেশিদের যাতায়াত বাড়ে সেদিকে নজর দিতে এক অভিনব উদ্যোগ নেয়। তারা বিভিন্ন দেশে হওয়া পর্যটন কেন্দ্রিক মেলা, উৎসবে যোগদান করতে থাকে। কোনও বাছবিচারের পথে না হেঁটেই তারা এই উদ্যোগ চালিয়ে যায়। যার ফলও হাতেনাতে পেল রাজস্থান পর্যটন।
গত ৪ বছরে রাজস্থানের মাটিতে বিদেশ থেকে বেড়াতে আসা মানুষের সংখ্যা রেকর্ড গড়ল। হিসাব বলছে গত ৪ বছরে রাজস্থানে বিদেশ থেকে ১৬ লক্ষ ৩৭ হাজার পর্যটক বেড়াতে এসেছেন। সেটাও কেবল ইউরোপের ১০টি দেশ থেকে। অন্য সব দেশ মেলালে সংখ্যাটা আরও বাড়বে।
গত ৪ বছরে কেবল ব্রিটেন থেকেই রাজস্থান ঘুরতে পর্যটক এসেছেন ৩ লক্ষ ৮৮ হাজার জন। যা নিজেও একটা রেকর্ড। রাজস্থান সরকারের এই উদ্যোগ সে রাজ্যের পর্যটনে বিদেশিদের আকর্ষণই কেবল বাড়ায়নি, পর্যটনের সঙ্গে জড়িয়ে থাকা মানুষজনের অর্থ রোজগারও প্রকারান্তরে বাড়িয়ে দিয়েছে।
আবার সে রাজ্যের অর্থনীতিতে পর্যটনের যে বড় ভূমিকা রয়েছে তার সুফলও আরও বেশি করে পেয়েছে। আগামী দিনে রাজ্যের পর্যটন মানচিত্রে বিদেশি পর্যটকদের আনাগোনা আরও বাড়াতে অন্য রাজ্যগুলিও কিন্তু রাজস্থানের পথে হেঁটে বিভিন্ন দেশের পর্যটন মেলায় যোগ দেওয়াকে নিয়মিত করে তুলতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











