ব্যবহার হওয়া কাপে ক্রেতাদের জুস বিক্রির অভিযোগ, তালা দেওয়া হল মাল্টিপ্লেক্সের কাউন্টারে
এক ঝাঁচকচকে মাল্টিপ্লেক্সে ক্রেতাদের জুস দেওয়া হচ্ছিল এঁটো কাপে। এই অভিযোগ সামনে আসার পর পদক্ষেপ করলেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। তালা ঝুলল কাউন্টারে।
অনেকেই অবসরে পরিবার পরিজন বা বন্ধুদের নিয়ে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে বা শপিং করতে হাজির হন। তেমনই একটি মাল্টিপ্লেক্সে এমন এক ঘটনা সামনে এসেছে যা দেখে কার্যত হতবাক গোটা দেশ।
সাধারণভাবে মাল্টিপ্লেক্সে খাবার বা নরম পানীয়ের অনেক কাউন্টার থাকে। সেখান থেকে বেশ খরচ করেই পছন্দের খাবার বা পানীয় কেনেন ক্রেতারা।
অভিযোগ তেমনই একটি মাল্টিপ্লেক্সের একটি জুসের কাউন্টারে এঁটো কাপে ক্রেতাদের জুস বিক্রি করা হচ্ছিল। যা দেখার পর এক ক্রেতা রুখেও দাঁড়ান। পরে অভিযোগ পৌঁছে যায় কর্ণাটকের স্বাস্থ্য দফতরের কাছে।
বেঙ্গালুরুর কোনানাকুন্তে মোড়ে অবস্থিত এই মাল্টিপ্লেক্সে হাজির হন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। যে জুসের কাউন্টারকে ঘিরে এঁটো কাপে ক্রেতাদের জুস বিক্রির অভিযোগ উঠেছিল সেখানে গিয়ে সবকিছু খতিয়ে দেখেন আধিকারিকরা।
স্বাস্থ্য বিধি মানার ক্ষেত্রে অসঙ্গতিও খুঁজে পান। তারপরই ওই জুসের কাউন্টারে তালা ঝুলিয়ে দেন তাঁরা। বিষয়টি নিয়ে সরকারিভাবেও স্পষ্ট করা হয়েছে। এই পদক্ষেপ যে হয়েছে তা নিশ্চিত করেছেন কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী। তিনি বিষয়টি সমাজ মাধ্যমে তুলে ধরেছেন।
মাল্টিপ্লেক্স সম্বন্ধে মানুষের ধারনা হল তা বর্ধিষ্ণু জায়গা। যেখানকার কোনও খাবার দোকান থেকে কিছু কিনলে তা নিশ্চিন্তে নেওয়া যেতে পারে। এমন জায়গাতেও যে কোনও জুস কাউন্টারে খরচ করে জুস খেতে গিয়ে এঁটো কাপে খেতে হবে তা কল্পনারও অতীত অনেকের কাছে।











