National

প্রলয়ের সাফল্যে খুশি দেশবাসী, ভারতের সুরক্ষা মুকুটে যুক্ত হল নতুন ভরসা

ভারতের প্রতিরক্ষা মুকুটে নতুন ভরসার নাম প্রলয়। প্রলয়ের সাফল্যে খুশি সকলেই। শুধু সাফল্য নয়, সেই সঙ্গে দেশের আত্মনির্ভরতার স্বাক্ষর হল প্রলয়।

ওড়িশা উপকূল থেকে একটা উড়ান একদম নিখুঁত সাফল্যের পরিচয় দিল। যা স্থির করা ছিল ঠিক সেখানেই লক্ষ্যভেদ করতে সমর্থ হল। আর তার সঙ্গেই ঘোষিত হল প্রলয় তার পরীক্ষায় সফল। অভিনন্দন জানালেন খোদ প্রতিরক্ষামন্ত্রী।

ভূমি থেকে ভূমিতে সফলভাবে লক্ষ্যভেদে যে প্রলয় সম্পূর্ণ সঠিক ভাবে তৈরি হয়েছে তা এদিন পরিস্কার হয়ে গেল। ফলে সেই শ্রেয় গেল ডিআরডিও-র গবেষণা দল ও তাদের পরিশ্রমের ঝুলিতে।

প্রলয় হল ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র। দেশের প্রতিরক্ষাকে মজবুত করতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। লক্ষ্য একটাই, বিদেশি শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা।

আর সেই লক্ষ্যে এক নতুন মাইলফলক এদিন তৈরি করে ফেলল তারা। যা ভারতের প্রতিরক্ষা ক্ষমতাকে আরও একধাপ এগিয়ে দিল। প্রলয় ভারতের ক্ষেপণাস্ত্র ভান্ডারে নতুন সংযোগ হিসাবে পরিগণিত হতে এখন আর কিছুটা সময়ের অপেক্ষা মাত্র।

আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ। ভারত তার প্রতিরক্ষাকে শক্তিশালী করতে নিজস্ব প্রযুক্তির ওপর নির্ভর করছে। বিদেশ থেকে তাকে প্রযুক্তি কিনতে হচ্ছেনা। এটা অবশ্যই একটি দেশের জন্য গর্বের।

প্রসঙ্গত গত মাসেই ডিআরডিও অনেকটা উচ্চতায় হাই অল্টিটিউড প্ল্যাটফর্ম সিস্টেম তৈরি করার কথা জানিয়েছিল। স্ট্র্যাটোস্ফিয়ারে ওড়ার সক্ষমতা দেখিয়েছিল।

মাটি থেকে ২১ কিলোমিটার উচ্চতায় পৌঁছে তারপর ২০ কিলোমিটার উচ্চতায় প্রায় ৩০ মিনিট স্থায়ী হওয়ার সাফল্য রচনা করেছিল এই উড়ান। তারপর সেটিকে নেমে আসতে নির্দেশ দেওয়া হয়। তখনই সেটি নিচে নামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article