National

অযোধ্যা সেজে উঠল চোখ জুড়োনো ফুলের সাজে, ৫৬টি ঘাট সাজবে মাটির প্রদীপে

অযোধ্যা সেজে উঠেছে। শহর জুড়ে এখন শুধুই উৎসবের আবহ। ফুলের সাজে সেজে উঠেছে চারধার। সরযূ নদীর ৫৬টি ঘাট সাজবে মাটির প্রদীপে।

দীপোৎসবকে সামনে রেখে অযোধ্যার এখন অন্য রূপ। রামলালার মন্দিরের দরজা থেকে প্রতিটি কোণা অপরূপ সুন্দর ফুলের সাজে সেজে উঠেছে। কেবল এ ফুলের সাজই এতটা আকর্ষণীয় যে তা ভক্ত থেকে পর্যটক সকলের মন কেড়ে নেবে।

একটি সেলফি পয়েন্টও তৈরি করা হয়েছে। মন্দিরের একাধিক দুয়ার রয়েছে। প্রতিটি দুয়ারই সেজে উঠেছে ফুলে ফুলে। মন্দিরের দালানে ১০১টি প্রদীপের আলো জ্বলে উঠবে সন্ধে নামলে।

এদিকে অযোধ্যা শহর জুড়ে এখন দেশ বিদেশের মানুষের ভিড়। অগুন্তি ভক্ত সমাগম হয়েছে। এই অভিনব আয়োজনের সাক্ষী হতে হাজির হয়েছেন অনেক বিদেশি পর্যটকও।

দীপোৎসবের প্রধান আকর্ষণ সরযূ নদীর ধারে লক্ষ লক্ষ প্রদীপের আলো। মাটির লক্ষ লক্ষ প্রদীপ জ্বলে উঠবে সন্ধে নামলেই। সেই স্বর্গীয় দৃশ্যের সাক্ষী হতে সকলেই সন্ধের অপেক্ষায়।

১০ বছর ধরে চলে আসছে এই দীপোৎসব। প্রতিবারই মাটির প্রদীপের সংখ্যা তার আগের বারের সংখ্যাকে ছাপিয়ে যায়। এবার সরযূ নদীর ধার জুড়ে অযোধ্যা শহরের ৫৬টি ঘাট প্রদীপের আলোয় উদ্ভাসিত হয়ে উঠবে।

এছাড়া অযোধ্যা জুড়ে থাকছে নানা উৎসবের আয়োজন। রঙিন আলোর রোশনাই তো রয়েছেই। শহর জুড়ে এই বিশাল আয়োজনে সুরক্ষার দিকেও কড়া নজর রাখছে প্রশাসন।

ভগবান রামকে এদিন অযোধ্যায় স্বাগত জানাতে একটি বিশেষ আয়োজনও করা হয়েছে। রাম কথা পার্কে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রথ টানবেন। আকাশ থেকে বর্ষণ করবেন ফুলের। এগুলিও এদিনের উৎসব আয়োজনেরই অঙ্গ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article