Lifestyle

৫০ বিশ্বসেরা রেস্তোরাঁর তালিকায় জায়গা পেল ভারতের ২টি রেস্তোরাঁ

বিশ্বের সেরা ৫০টি রেস্তোরাঁর তালিকা প্রকাশিত হল। যেখানে এই প্রথম ভারতের ২টি রেস্তোরাঁ জায়গা করে নিল। যা ভারতের জন্য গর্বের।

বিশ্বের সেরা ৫০টি রেস্তোরাঁর ২০২৬ সালের তালিকা প্রকাশিত হল। বিশ্বজুড়ে রেস্তোরাঁর সংখ্যা গুনে শেষ করা মুশকিল। সেখানে সেরা ৫০-এ জায়গা করে নেওয়া অবশ্যই কৃতিত্বের। এই প্রথম সেরা রেস্তোরাঁর তালিকায় জায়গা পেল ভারতের ২টি রেস্তোরাঁ।

২২ বছর আগে ভারতের ১টি রেস্তোরাঁ জায়গা পেয়েছিল এই সম্মানজনক তালিকায়। তারপর ২০২৬ সালে পৌঁছে একসঙ্গে ২টি রেস্তোরাঁ সেরা ৫০-এ জায়গা করে নিল। তালিকাটি প্রকাশিত হয়েছে পেরু-র লিমা শহরে।

ভারতের ২টি রেস্তোরাঁ ছাড়াও আরও একটি সাফল্য পশ্চিমবঙ্গের মানুষকে খুশি করবে। কারণ কলকাতার ছেলে গগন আনন্দের রেস্তোরাঁ যা ব্যাংকক শহরে রয়েছে তা এশিয়ার সেরা হয়েছে। ওই তালিকাতেও দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে গগনের রেস্তোরাঁ গগন।

প্রকাশিত তালিকায় সেরা রেস্তোরাঁ হিসাবে পরিগণিত হয়েছে স্পেনের একটি পাহাড়ি গ্রাম এক্সপে-র আসাদোর এতজেবারি নামে রেস্তোরাঁ। এ রেস্তোরাঁটির খাবারই সুস্বাদু নয়, সেই সঙ্গে তার চারধারের চোখ জুড়োনো প্রাকৃতিক সৌন্দর্য এ রেস্তোরাঁর অতিথিদের কাছে উপরি পাওনা।

ভারতের যে ২টি রেস্তোরাঁ জায়গা করে নিয়েছে তার মধ্যে একটি মুম্বইতে অবস্থিত। মুম্বইয়ের মাস্ক নামে রেস্তোরাঁটি তালিকায় ২৬ তম স্থান অর্জন করেছে। অন্যদিকে এই রেস্তোরাঁরই প্রাক্তন চিফ শেফ এখন রয়েছেন হিমাচল প্রদেশের পাহাড়ি শহর কসৌলি-র নার নামে রেস্তোরাঁয়। সেই নার এই তালিকায় ৪৯ তম স্থান অর্জন করেছে।

ভারতের এই ২টি রেস্তোরাঁর একসঙ্গে ২০২৬ সালের বিশ্বের সেরা ৫০ রেস্তোরাঁর তালিকায় জায়গা করে নেওয়াটা অবশ্যই ভারতের কাছে একটি গর্বের বিষয়।

Show Full Article