National

৮ বছর পর দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের মুকুট হারাল ইন্দোর, ঘোষণা হল অন্য শহরের নাম

টানা ৮ বছর ধরে দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের মুকুট ছিল ইন্দোরের মাথায়। এ বছর সেই রেকর্ড ভাঙল। নতুন পরিচ্ছন্নতম শহরের নাম সামনে এল।

ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর কোনটি? এ প্রশ্ন জিজ্ঞেস করা হলে গত ৮ বছর ধরে একটাই নাম মুখে মুখে ঘুরেছে। সেটা হল মধ্যপ্রদেশের ইন্দোর। ৮ বছর পর সেই শিরোপা হারাল এই শহর। এমনকি প্রথম ৩টি পরিচ্ছন্ন শহরেও জায়গা হল না ইন্দোরের।

‘স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৫-২৬’-এর যে তালিকা প্রকাশিত হয়েছে সেই ঘোষণা মত, দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের মুকুট এবার উঠেছে নবি মুম্বইয়ের মাথায়। মুম্বই সংলগ্ন নবি মুম্বই শহরটি এবার দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসাবে বিবেচিত হয়েছে। পরিচ্ছন্নতায় দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাটের সুরাট। তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশের শহর বিজয়ওয়াড়া।

এখানেই শেষ নয়, নদী তীরবর্তী শহরগুলির মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা পেয়েছে মধ্যপ্রদেশের শহর রেওয়া। হিমালয়ের কোলে অবস্থিত শহরগুলির মধ্যে আবার সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা পেয়েছে উত্তরাখণ্ডের রুদ্রপুর।

এ বছর স্বচ্ছ সর্বেক্ষণ-এ একটি নতুন বিভাগ চালু হয়েছে। সেটি হল ‘স্বচ্ছ শহর জোড়ি’। এই বিভাগে পাশাপাশি থাকা ২টি শহরকে একসঙ্গে নিয়ে মেন্টর সিটি ক্যাটাগরি তৈরি হয়েছে। যেখানে প্রথম স্থান অধিকার করেছে আমেদাবাদ ও তার সঙ্গী শহর সানন্দ।

দ্বিতীয় স্থানে রয়েছে গত ৮ বারের পরিচ্ছন্নতম শহরের মর্যাদা জিতে নেওয়া ইন্দোর ও তার সঙ্গী শহর দেপালপুর। এই নতুন বিভাগে তৃতীয় স্থান দখল করেছে তিরুপতি শহর ও তার সঙ্গী শহর কুপ্পাম।

Show Full Article