ফের বাড়ল দুধের দাম, ২ থেকে ৪ টাকা দাম বাড়াল আমূল, মাদার ডেয়ারি
দুধের দাম ফের বাড়ল। ২ থেকে ৪ টাকা করে বাড়ল দুধের দাম। আমূল ও মাদার ডেয়ারি দাম বৃদ্ধি করেছে। যা অবশ্যই মধ্যবিত্তের পকেটে চাপ বাড়াল।
দুধের দাম বাড়াল আমূল এবং মাদার ডেয়ারি। ১২ নভেম্বর থেকে এই বর্ধিত দাম কার্যকর হয়েছে। আমূলের তরফে জানানো হয়েছে তাদের সবচেয়ে জনপ্রিয় দুধের প্যাকেট আমূল তাজা-র দাম লিটারে ২ টাকা করে বাড়ানো হয়েছে।
অন্যদিকে আমূলের আমূল গোল্ড দুধের প্যাকেটের দাম লিটারে ৪ টাকা করে বাড়ানো হয়েছে। প্রসঙ্গত আমূল তাজাই হল আমূলের সবচেয়ে বেশি বিক্রিত দুধ। সেই আমূল তাজার দাম ৩.৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ৬ শতাংশ মিল্ক ফ্যাট থাকা আমূল গোল্ড-এর দাম ৫.৫ শতাংশ বাড়ানো হয়েছে।
মে মাসের পর ফের নভেম্বরে দুধের দাম বাড়াল আমূল। আমূলের পাশাপাশি দাম বৃদ্ধি করেছে মাদার ডেয়ারি-ও। মাদার ডেয়ারির দুধও ২ থেকে ৪ টাকা লিটার প্রতি বৃদ্ধি পেয়েছে। দুধের দাম বৃদ্ধির জন্য একাধিক কারণকে সামনে এনেছে দুধ প্রস্তুতকারক সংস্থাগুলি।
পশুখাদ্যের দাম বৃদ্ধি, এবার বর্ষায় দেশের সর্বত্র সমান বৃষ্টিপাত না হওয়ায় গরুর মত গবাদিপশুর সবুজ এবং শুকনো খাবারের দাম ২০ শতাংশ বৃদ্ধি, উৎপাদনের খরচ বৃদ্ধি, পরিচালন ব্যয় বৃদ্ধি এবং পরিবহণ খরচ বৃদ্ধি, এসব কারণকে সামনে রেখে তারা দুধের দাম বৃদ্ধি করতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে ২ সংস্থা।
তবে কারণ যাই হোক দুধের মত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি সাধারণ মানুষের দৈনন্দিন খরচ বাড়িয়ে দিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











