পশ্চিমবঙ্গের বিখ্যাত জঙ্গলে আরও ২ বাঘ আনার চেষ্টা, ২ রাজ্য থেকে আসবে ২টি বাঘ
এমন জঙ্গল এ রাজ্যে রয়েছে যেখানে বাঘ থাকার উপযুক্ত পরিবেশ রয়েছে। সেখানে বাঘ বাড়াতে আরও ২টি বাঘ আনার চেষ্টা হচ্ছে ২ রাজ্য থেকে।
সুন্দরবনে বাঘ ছাড়ার দরকার পড়েনা। কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে জঙ্গলের অভাব নেই। উত্তরবঙ্গে তো হিমালয়ের কোলে অনেক জঙ্গল রয়েছে। যার একটি বিখ্যাত বক্সা জঙ্গল। যা বক্সা টাইগার রিজার্ভ নামে খ্যাত।
এখানেই গত ২ অক্টোবর এক বাঘিনীকে এনে ছাড়া হয়েছিল। আনা হয়েছিল বিহারের বাল্মীকি রিজার্ভ ফরেস্ট থেকে। সেখান থেকে আকাশপথে বাঘিনীটিকে এনে ছাড়ার পর কিন্তু ইতিমধ্যেই ২ বার তার বরাদ্দ এলাকা ছেড়ে পালিয়েছে বাঘিনীটি।
একবার চলে গেল অসমের জঙ্গলে। সেখান থেকে তাকে ঘুমপাড়ানি গুলি করে ফিরিয়ে আনা হয় ফের বক্সায়। যে ২ হেক্টরের ওপর এলাকা জুড়ে দেওয়া জালের ঘেরাটোপে তাকে রাখা হয়েছিল সেখান থেকেও জালের তলার মাটি খুঁড়ে জায়গা করে পালায় বাঘিনীটি। তবে বক্সার জঙ্গলে বাঘের সংখ্যা বাড়াতে বদ্ধপরিকর রাজ্যসরকার।
নভেম্বরের মধ্যেই আরও ২টি বাঘ বক্সার জঙ্গলে ছাড়ার পরিকল্পনা করা হয়েছে বন দফতরের তরফে। একটি আনা হবে অসম থেকে, অন্যটি বিহার থেকে। এই ২টি বাঘকে এনে বক্সার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
লক্ষ্য একটাই। বক্সার জঙ্গলে বাঘের সংখ্যা বৃদ্ধি করা, বাঘদের এক নিশ্চিন্ত আবাস হিসাবে আলিপুরদুয়ারের এই বিখ্যাত জঙ্গলকে আরও জনপ্রিয় করে তোলা।
অনেকে মনে করছেন এখানে আরও ২টি বাঘ এলে হয়তো বাঘিনীটির পালানোর প্রবণতা কমবে। সঙ্গী পাবে সে। ফলে বক্সার জঙ্গলে তার মন বসাতে অসুবিধা হবেনা। সে ধারনা আদৌ সঠিক কিনা তা বক্সার জঙ্গলে আরও ২টি বাঘ ছাড়া হওয়ার পরই বোঝা যাবে।











