National

বঙ্গোপসাগরে তৈরি হল নতুন নিম্নচাপ, কোথায় কেমন বৃষ্টি, জানা গেল পূর্বাভাস

বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ যে তৈরি হতে পারে তা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। এবার সেটি তৈরি হয়ে শক্তি বাড়াচ্ছে। কবে কোথায় কেমন বৃষ্টি জানাল আবহাওয়া দফতর।

গালফ অফ মান্নার-এ তৈরি হয়ে একটি নিম্নচাপ ক্রমে আন্দামান সাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ওপর সরে এসেছে। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে শনিবারের মধ্যে সেটি একটি সুনির্দিষ্ট নিম্নচাপে পরিণত হবে।

এদিকে বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। আবার অন্ধ্রপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ ওড়িশা, ছত্তিসগড় ও মধ্যপ্রদেশের ওপর অবস্থান করছে। যা পূর্ব ভারতের আবহাওয়ার ওপরও প্রভাব ফেলছে।

এর জেরে শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা যথেষ্ট। তবে চারধারে যে এর জেরে বৃষ্টি হতে থাকবে এমনটা নয়। কেবল দুই ২৪ পরগনা ও ২ মেদিনীপুরে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।‌

তবে শুক্রবার পর্যন্ত পারদ একটু হলেও চড়া থাকবে। শনিবার থেকে আবার শুকনো আবহাওয়া। শনিবার থেকে পারদ পতনও দেখতে পাওয়া যাবে।

শীতের আমেজ আরও একটু বাড়তে পারে বলে মনে করছেন আবহবিদেরা। বিশেষত পশ্চিমের জেলাগুলিতে সকাল ও রাতের দিকে বেশ ভালই শীত অনুভূত হবে। তবে তা হবে শনিবারের পর।

বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গের ওপর সেভাবে পড়ছে না বলেই মনে করছেন আবহবিদেরা। বৃষ্টি সেভাবে হবেনা। বরং এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে দক্ষিণ ভারতে বৃষ্টির কারণ হতে পারে।

সেখানে এখন উত্তর পূর্ব মৌসুমি বায়ু সক্রিয়। তা আরও জোরদার হবে এই নিম্নচাপের প্রভাবে। নিম্নচাপ কার্যত অনুঘটকের কাজ করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article