বন্ধ হল কেদারনাথ মন্দিরের দরজা, পঞ্চমুখী উৎসব ডোলির সঙ্গে পাড়ি দিলেন ভক্তেরা
ভারতের চারধামের অন্যতম কেদারনাথ ধাম। সেই কেদারনাথ মন্দিরের দরজা শীতের জন্য বন্ধ হল। ভক্তেরা মহাসমারোহে পাড়ি দিলেন পঞ্চমুখী উৎসব ডোলির সঙ্গে।
ভারতের চারধাম যাত্রা এ বছরের মত শেষ হল। যমুনোত্রী ধামের মতই ভাইফোঁটা বা ভাইদুজের দিন বন্ধ হল কেদারনাথ মন্দিরের দরজা। আপাতত ৬ মাসের জন্য বন্ধ থাকবে এই মন্দির।
এদিন সকাল সাড়ে ৮টায় বন্ধ হয় মন্দিরের দরজা। ভক্তের ভিড় ছিল যথেষ্ট। সকলের মুখেই ছিল হর হর মহাদেব স্বর। ছিল বৈদিক মন্ত্রোচ্চারণ। মহাসমারোহেই বন্ধ হয় মন্দিরের দরজা।
শীতের ৬ মাস কেদারনাথ কাটান তাঁর শীতকালীন আবাসে। যা ওই উচ্চতা থেকে অনেকটা নেমে উখিমঠে অবস্থিত। উখিমঠের ওংকারেশ্বর মন্দিরে শীতের ৬ মাস কাটান ভগবান কেদারনাথ। শীতের ৬ মাসে কেদারনাথ মন্দিরে যাওয়া সম্ভব না হলেও ভক্তেরা উখিমঠের ওংকারেশ্বর মন্দিরে এসে পুজো করেন কেদারনাথের।
কেদারনাথ মন্দির থেকে মহা ধুমধামের সঙ্গে ভগবান কেদারনাথকে তাঁর শীতকালীন আবাসে নিয়ে আসার জন্য শোভাযাত্রা শুরু হয়। পালকিতে যাত্রা শুরু করেন দেবতা। এই শোভাযাত্রা পঞ্চমুখী উৎসব ডোলি নামে খ্যাত। অনেকে কেবল উৎসব ডোলিও বলে থাকেন।
শোভাযাত্রায় পা মেলান ভক্তেরা। আর তার সঙ্গেই এ বছরের মত কেদারনাথ যাত্রার সমাপ্তি ঘটে। ফের ৬ মাস পর খুলে যাবে মন্দিরের দরজা। উখিমঠ থেকে ফের কেদারনাথকে আনা হবে মন্দিরে। শুরু হবে কেদারনাথ ধাম যাত্রা।
এদিন কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ হওয়ার পাশাপাশি যমুনোত্রী মন্দিরের দরজাও বন্ধ হয়েছে। গঙ্গোত্রী ধাম যাত্রা ১ দিন আগেই বন্ধ হয়েছে। আগামী শুক্রবার বন্ধ হবে বদ্রীনাথ ধাম। ফের ৬ মাস পর শুরু হবে চারধাম যাত্রা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











