National

ভাইফোঁটার দিন দেবী পালকিতে পাড়ি দিলেন শীতের ঠিকানায়, মন্ত্রোচ্চারণে গুঞ্জরিত চারধার

পাহাড়ের অনেকটা উঁচুতে অবস্থিত ভারতের চারধাম। তাই শীতের সময় ৬ মাস বন্ধ থাকে মন্দির। যমুনোত্রী ধামে ভাইফোঁটায় বন্ধ হল দরজা। শীতের ঠিকানায় পাড়ি দিলেন দেবী।

গত মঙ্গলবারই বন্ধ হয়েছে গঙ্গোত্রী মন্দির। বুধবার ভাইফোঁটার দিন বন্ধ হল কেদারনাথ মন্দির ও যমুনোত্রী মন্দির। আপাতত ৬ মাস বন্ধ থাকবে এই মন্দির। শীতের সময় কারও পক্ষে এখানে পৌঁছনো সম্ভব হয়না। বরফে ঢাকা পড়ে চারধার। তাই এই সময় চারধাম বন্ধ থাকে। দেবতারা হাজির হন তাঁদের শীতের ঠিকানায়।

এদিন যমুনোত্রী ধামের দরজা বন্ধ হল মহা ধুমধামের সঙ্গে। তার আগে সকাল থেকেই ভক্ত সমাগম হতে শুরু করে। যমুনোত্রী মন্দিরে দেবী যমুনাকে দর্শন করার শেষ সুযোগ ছিল এদিনই। বহু ভক্ত তাই সেই সুযোগ কাজে লাগান। চলে বৈদিক মন্ত্রোচ্চারণ। সঙ্গে আধ্যাত্মিক শব্দে গুঞ্জরিত হতে থাকে চারধার।

ভক্তের মন্ত্রোচ্চারণের মধ্যেই দেবী যমুনা পাড়ি দেন পালকিতে। পালকিতে করে শীতের ঠিকানায় পাড়ি দেন তিনি। ভক্তের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়েই পালকি এগোয় খারসালির দিকে। খারসালিই হল দেবী যমুনার শীতকালীন আবাস।

খারসালিকে অনেকে আবার মুখীমঠ নামেও চেনেন। এখানেই আপাতত ৬ মাস বিরাজ করবেন দেবী। ভক্তেরা এই সময় এখানেই এসে দেবীকে পুজো দিতে পারবেন। তারপর ২০২৭ সালে ফের খুলবে যমুনোত্রী মন্দির। ফের শুরু হবে চারধাম যাত্রা।

তার আগে আপাতত এ বছরের জন্য সমাপ্ত ভারতের বিখ্যাত চার‌ধাম যাত্রা। বদ্রীনাথ মন্দির অবশ্য এখনও বন্ধ হয়নি। বদ্রীনাথ মন্দির বন্ধ হবে আগামী ১৩ নভেম্বর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article