ঘূর্ণিঝড়ের প্রভাব কাটার আগেই আবার বঙ্গোপসাগরে তৈরি নতুন নিম্নচাপ
বঙ্গোপসাগরে এখন একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে। ঘূর্ণিঝড়ের ধাক্কাই এখনও সামাল দেওয়া যায়নি। বৃষ্টি হচ্ছে। তারমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ।
বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে সময় নিচ্ছে না। একটি নিম্নচাপ তৈরি হয়ে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়। তার প্রভাব এখনও কাটেনি। অন্ধ্রপ্রদেশ দিয়ে স্থলভাগে প্রবেশ করার পর সেটি শক্তি হারিয়ে সবে একটি নিম্নচাপের চেহারা নিয়ে ভারতের নানা রাজ্যে বৃষ্টি ঝরাচ্ছে। যে তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও।
অন্ধ্রপ্রদেশে এখনও ধ্বংসলীলা সরিয়ে স্বাভাবিক জনজীবন ফেরেনি। তার আগেই ফের বঙ্গোপসাগরে তৈরি হতে শুরু করে দিল নতুন নিম্নচাপ। নিম্নচাপটি দক্ষিণ আন্দামান সাগর ও তার সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে। ক্রমশ সেটি শক্তি বাড়াতে থাকবে।
আবহাওয়া দফতর জানাচ্ছে সেটি আগামী ২৪ ঘণ্টায় আরও কিছুটা সরবে। সরবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। সরার পাশাপাশি সেটি ক্রমে একটি সুনির্দিষ্ট নিম্নচাপের চেহারা নিয়ে নেবে। শক্তি বাড়াবে।
শক্তি বাড়িয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সেটি একটি নিম্নচাপ আকারে অবস্থান করবে। অবশ্য তারপর সেটির গতি কোন দিকে হবে, কোথা দিয়ে স্থলভাগে প্রবেশ করবে, তার জেরে কতটা বৃষ্টির মুখে পড়তে হবে, সেটিও অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের চেহারা নেবে কিনা এসব কিছু পরিস্কার নয়।
আবহবিদেরা এই বড় হতে থাকা নিম্নচাপটির দিকে কড়া নজর রাখছেন। এই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গ কতটা ভিজতে পারে তা পরিস্কার নয়।
সপ্তাহ পার করলেই ক্রমে কালীপুজো, দীপাবলির উৎসবের মেজাজ ক্রমশ পেয়ে বসতে শুরু করবে। দুর্গাপুজো পার করা মানুষজন আবার মেতে উঠবেন উৎসবের আনন্দে। তার মধ্যে যদি বৃষ্টি বাধ সাধে তাহলে তা মোটেও আনন্দের হবেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











