State

কালীপুজো পার করলে ফের বৃষ্টি, কোথায় কেমন বৃষ্টি, পূর্বাভাস পাওয়া গেল

বুধবার সকালে বৃষ্টি হয়েছে কলকাতা সহ অনেক জেলায়। কিন্তু বৃষ্টি আর তেমন হওয়ার সম্ভাবনা নেই। বরং কালীপুজোর দিন পর্যন্ত শুকনো থাকবে আবহাওয়া। কিন্তু তারপর ফের বৃষ্টি।

ঘূর্ণিঝড় মুরাসু স্থলভাগে প্রবেশের পর এখন সময়ের সাথে সাথে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এই ঘূর্ণিঝড়ের কোনও সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও আকাশে মেঘের আনাগোনা ছিল। হালকা বৃষ্টিও হয়েছে অনেক জায়গায়।

বুধবার সকালেও কলকাতা সহ অনেক জেলাতেই বৃষ্টি হয়েছে। তবে বৃহস্পতিবার থেকে আর বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা দেখছেন না আবহবিদেরা। বরং শুকনো আবহাওয়া বিরাজ করবে সর্বত্র। ঝলমলে থাকবে আকাশ।

এই আবহাওয়া কালীপুজো পর্যন্ত বজায় থাকবে। কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস মত কালীপুজোর পরদিন থেকে ফের দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হতে পারে। কলকাতাও সেই তালিকায় রয়েছে।

তবে তার আগে আবহাওয়া শুকনো হওয়ার জেরে পারদ পতনও হবে। বৃহস্পতিবারের পর থেকে পারদ পতন হবে। তার পরের ৪ দিনে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে পারদ। ফলে বেশ একটা আলতো ঠান্ডার পরশ থাকবে কালীপুজোয়।

তারপর অবশ্য আবহাওয়ায় বদলের সম্ভাবনা আছে। তবে হালকা বৃষ্টি হবে। যা চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত। তারপর থেকে ফের শুকনো আবহাওয়া থাকবে।

দক্ষিণবঙ্গে এমন পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গে টানা শুকনো আবহাওয়াই থাকছে। কালীপুজোর পর হালকা বৃষ্টি হতে পারে ২ দিনাজপুর ও মালদায়। বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। তবে আবহাওয়ার যা পূর্বাভাস তাতে উৎসবের দিনগুলো পরিবেশের দিক থেকে বেশ ভালই কাটবে বাংলার মানুষের।

Show Full Article