National

প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে মুরাসু, প্রহর গোনা শুরু

একের পিছনে আর এক। সেই জোড়া ধাক্কা সামাল দিতে পারাটাই এখন বড় চ্যালেঞ্জ। শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে মুরাসু। সেই ভোরেই আছড়ে পড়ার অপেক্ষা।

অর্ণবের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন ধাক্কার জন্য শুরু হল প্রহর গোনা। কতটা ধাক্কা অপেক্ষা করছে তা অজানা। তবে স্বাভাবিক পরিস্থিতি থাকলে মোকাবিলা কিছুটা সহজ হত।

অর্ণবের তছনছ সামলে ওঠা যায়নি। তার আগেই নতুন আতঙ্কের নাম মুরাসু। বঙ্গোপসাগরে ফুঁসতে থাকা নতুন ঘূর্ণিঝড়টির নামকরণ হয়েছে মুরাসু। এবার সেই মুরাসু শক্তি সঞ্চয় করার পাশাপাশি ধেয়ে আসছে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে।

আবহাওয়া দফতর অন্ধ্রপ্রদেশের পাশাপাশি উত্তর তামিলনাড়ু উপকূলেও সতর্কতা জারি করেছে। সেখানেও প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের। প্রবল বৃষ্টিও হবে তামিলনাড়ুর অনেক জায়গায়। আর অন্ধ্রপ্রদেশ দিয়ে তো প্রবেশই করছে। ফলে সেখানে কি হতে পারে তা অর্ণব আন্দাজ দিয়েই দিয়েছে।

অন্ধ্রপ্রদেশে সোমবার থেকেই বৃষ্টি ক্রমশ তার দাপট বাড়াতে থাকবে। ৩ নভেম্বর মঙ্গলবার ভোরের দিকে ঘূর্ণিঝড় মুরাসু অন্ধ্রের নেল্লোর ও নারসাপুরের মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করে তাণ্ডব চালাবে।

অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলি সহ অনেক জায়গায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার ও বুধবার। পরিস্থিতি নিয়ে উদ্বেগে অন্ধ্রপ্রদেশ সরকারও।

২৮ অক্টোবরই অর্ণব আছড়ে পড়েছিল অন্ধ্রপ্রদেশে। তার মাত্র ৬ দিনের মাথায় আছড়ে পড়তে চলেছে প্রায় একই রকম শক্তিধর মুরাসু। তাই ধ্বংসলীলা নিয়ে উদ্বেগে অন্ধ্র প্রশাসন। এদিকে প্রবল বর্ষণের জেরে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বিভিন্ন জায়গায় বলেও আশঙ্কা রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article