৭৫ বছরে এমন অক্টোবর দেখেনি দিল্লি, শেষবার দেখা গিয়েছিল ১৯৫১ সালে
৭৫ বছরে যমুনা দিয়ে অনেক জল বয়ে গেছে। বদলেছে আবহাওয়ার গতিপ্রকৃতি। কিন্তু ৭৫ বছরে এমন একটা অক্টোবর মাস দেখেনি দিল্লি।
দিল্লির মানুষ এমন অক্টোবর অনেকেই দেখেননি। কারণ ৭৫ বছরে এমন অক্টোবর আসেনি। চেনা অক্টোবর খুঁজে পাচ্ছেন না তাঁরা। বরং মোটা চাদর, সোয়েটার বার করে ফেলতে হয়েছে তাড়াহুড়ো করে। কারণ ঠান্ডা।
অক্টোবর মাসে অচেনা ঠান্ডায় কাঁপছে দিল্লি। সঙ্গে দোসর হয়েছে কনকনে ঠান্ডা হাওয়া। যা ঠান্ডার অনুভূতিকে দ্বিগুণ করে দিয়েছে। হিসাব বলছে এক ধাক্কায় স্বাভাবিকের চেয়ে ১০ ডিগ্রি কমে গেছে দিল্লির দিনের পারদ।
এর কারণ একটানা বৃষ্টি। আকাশ মেঘে ঢাকা। গত ২ দিন ধরে। সঙ্গে চলছে অবিরাম বৃষ্টি। আর সেই বৃষ্টির হাত ধরে এক ধাক্কায় পারদ পতন হয়েছে দিল্লিতে।
আবহাওয়া দফতরের রেকর্ড অনুযায়ী দিল্লিতে শেষবার অক্টোবর মাসে এমন পারদ পতন দেখা গিয়েছিল ১৯৫১ সালে। তারপর ৭৫ বছরে অক্টোবর মাসে দিনের পারদ এতটা নামেনি। গত ২ দিনে দিল্লির সর্বোচ্চ পারদ নেমেছে ২০.৭ ডিগ্রিতে।
শুধু পারদ পতনই নয়, টানা বৃষ্টির জেরে দিল্লি ২০২২ সালের পর ফের সবচেয়ে পরিচ্ছন্ন বাতাস পেল অক্টোবর মাসে। আবার এমন বৃষ্টি ভেজা অক্টোবরও গত ৪ বছরে এই প্রথম দেখল দিল্লি।
প্রসঙ্গত এই সময় দিল্লির বাতাসে দূষণের মাত্রা প্রতিবছরই একটি চর্চার বিষয় হয়ে ওঠে। পঞ্জাব থেকে ভেসে আসা খড়কুটোর পোড়া ধোঁয়া দিল্লির বাতাসকে দূষিত করে। এবার বৃষ্টিতে সে দূষণ মুছে গেছে।











