World

মরুভূমির মাঝে বিশাল হাত, জনমানবহীন প্রান্তরে অনেক কথা বলছে আতাকামার দ্রষ্টব্য

এক ধুধু প্রান্তরের মরুভূমি। বিশ্বের অন্যতম শুকনো মরুভূমির মাঝে জনমানুষহীন প্রান্তরে একটা বিশাল মত হাত কিন্তু একাই অনেক কথা বলে।

মরুভূমির বুক চিরে যে রাস্তাটা সোজা চলে গেছে তারই এক জায়গায় বাঁক নিয়ে ছোট পথ। সে পথে এগোলে কিছুটা গেলে মরুর মাঝে পাণ্ডববর্জিত এই অতি উত্তপ্ত প্রান্তরের মাঝে একটা হাত সকলকে অবাক করে দিতে পারে। অথচ ৩৪ বছর ধরে সে হাত একাই দাঁড়িয়ে আছে মরুভূমির বুকে।

৩৬ ফুট উচ্চতার এই হাতটি তৈরি হয়েছে সিমেন্ট দিয়ে। হাতের ভঙ্গি দেখেই বোঝা যায় হাতটি যেন কিছু বলতে চাইছে। কি বলতে চাইছে এ হাত?

চিলির ভাস্কর মারিও ইরারাজাবাল লোহা ও সিমেন্ট দিয়ে মরুভূমির মাঝে ধুধু প্রান্তরে এই হাতটি সৃষ্টি করেন। যার শৈল্পিক দিকও নজরকাড়া। হাতটির নাম দেওয়া হয়েছে হ্যান্ড অফ ডেসার্ট।

চিলির আতাকামা মরুভূমির মাঝে প্যান আমেরিকান হাইওয়ের এক জায়গায় একটু বাঁক নিলে এই হাতের দেখা পাওয়া যায়। হাতটি ১৯৯২ সালে তৈরি করেন মারিও। তারপর থেকে এটি একটি অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

বহু পর্যটক এখানে হাজির হন কেবল এই হাতটি দেখার আশায়। হাতের চেটো থেকে মাটির ওপর বেরিয়ে আছে হাতের আঙুলগুলো। এটাই দেখতে পাওয়া যায়।

মনে করা হয় মরুভূমির মাঝে জনমানুষহীন প্রান্তরে এ হাত একাকীত্ব, অসহায়তার প্রতীক হয়ে উঠেছে। প্রকৃতির মাঝে এই মরুভূমির নিস্তব্ধতা আরও বেশি করে মনে করিয়ে দেয় এই হাত।

প্রসঙ্গত মরুভূমির মাঝে, শুকনো উত্তপ্ত প্রান্তরের মাঝে একা জেগে থাকা এই হাত কিন্তু নিয়মিত পরিস্কার করা হয়। এজন্য স্বেচ্ছাসেবকরা একটি সময় অন্তর পৌঁছে যান সেখানে।

Show Full Article