নভেম্বরে কেমন থাকবে আবহাওয়া, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
নভেম্বর মাসে দেশের নানা প্রান্তের আবহাওয়া কেমন থাকবে। এ সময় থেকেই শীতের আগমন শুরু হয়। সেটা কি হবে। পূর্বাভাস পাওয়া গেল।
নভেম্বর মাসে কেমন যাবে আবহাওয়া। এবার যেহেতু এল নিনো-র প্রভাব নিয়ে চিন্তা রয়েছে তাই বিষয়টি নিয়ে সকলেই চিন্তিত। আবহাওয়ার পূর্বাভাসও সেই দিকেই ইঙ্গিত করেছে। তাই নভেম্বরে এবার দেশের অধিকাংশ জায়গায় স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে পারদ। তেমনটাই মনে করছেন আবহবিদেরা।
কেবল ব্যতিক্রম হিমালয় লাগোয়া বা পাদদেশের এলাকাগুলি। যেখানে নভেম্বর মাসে স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে নিচে থাকবে পারদ। ফলে সেখানে ঠান্ডা যেমন পড়ার তেমনই পড়তে চলেছে। কিন্তু দেশের বাকি সিংহভাগ অংশে নভেম্বর মাসে যে আবহাওয়া দেখা যায় তার চেয়ে বেশি থাকবে গরমের অনুভূতি।
শুধু গরম বৃদ্ধিই নয়, বৃষ্টিও কম হবে নভেম্বর মাসে। যেমন বৃষ্টিপাত দেশের বিভিন্ন অংশে নভেম্বর মাসে দেখা যায় তার চেয়ে কম হবে এবার। যদিও মধ্য ভারত, উত্তরপূর্ব ও উত্তর পশ্চিম ভারতে বেশি বৃষ্টি হতে পারে।
ফলে এবার নভেম্বর মাস চেনা নভেম্বর মাস নাও হতে পারে সেটা পরিস্কার হয়ে গেছে। আর তার একটাই কারণ এল নিনো। যা এখন প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে চরম আকার ধারণ করেছে।
এল নিনো-র প্রভাব যে এবার ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির ওপর ভালই পড়বে তা আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞেরা। নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি জুড়ে এল নিনো তার প্রবল দাপটে থাকবে। যে প্রভাব আগামী এপ্রিল পর্যন্ত বজায় থাকবে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞেরা।











