শুকনো দিন শেষ, রূপ বদলে অপরূপা উপত্যকা, মন ভাল হল পর্যটকদের
টানা শুকনো থাকার দিন শেষ হল উপত্যকায়। এবার সে তার রূপ বদলাচ্ছে। পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গে খুশিতে ডানা মেলছে পরিযায়ী পাখিরা।
একটানা শুকনো ছিল আবহাওয়া। কিন্তু সে খরা কাটল। জম্মু কাশ্মীর সেজে উঠল শীতের সাজে। তুষারপাতে সাদা হয়ে গেল চারধার। আর তা দেখে এখন পর্যটকেরা পাড়ি দিচ্ছেন সেখানে।
সোনমার্গ, গুলমার্গে তুষারপাতের পর সেখানে স্কি করার লোভ সমালাতে পারছেন না পর্যটকেরা। বহু মানুষ ভিড় জমাচ্ছেন সেখানে। শ্রীনগর–লেহ হাইওয়ে, মোগল রোডের ফির কি গোলি, কিস্তওয়ার জেলার দিকে যাওয়ার সিন্থন পাস, গুরেজ সীমান্ত শহরে যাওয়ার জন্য রাজদান পাস, তানঘর যাওয়ার জন্য সাধনা টপ বরফের চাদরে ঢাকা পড়েছে।
এসব পথে যাতায়াত সম্ভব হচ্ছেনা। তুষারে ঢেকেছে পথ। এদিকে পাহাড়ের উপরাংশ যখন বরফের চাদরে ঢাকা পড়েছে, তখন অপেক্ষাকৃত নিচু অংশে বৃষ্টি হচ্ছে। ভাল বৃষ্টিতে এখানকার অনেক জলাশয়ে জল বেড়েছে। যা কাশ্মীরের জল সংরক্ষণকে আরও ভাল করল।
কাশ্মীরে ভাল তুষারপাত হওয়ায় পর্যটকেরা বেজায় খুশি। তাঁরা সপরিবারে বা বন্ধুবান্ধব মিলে সেখানে হাজির হচ্ছেন। তেমনই খুশি পরিযায়ী পাখিরা। যারা হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে প্রতিবছর ভারতের এই কাশ্মীরে এসে হাজির হয় শীতটা কাটানোর জন্য।
প্রবল তুষারপাত এবং বৃষ্টিতে নেমেছে পারদও। এক ধাক্কায় সেখানে ৬ থেকে ৮ ডিগ্রি পতন হয়েছে পারদে। এদিকে ভাল বৃষ্টিতে যেসব ঝর্ণার জল গত মাস থেকে অনেকটাই শুকিয়ে গিয়েছিল সেগুলি আবার জলে ভরে উঠেছে।
এই তুষারপাত স্থানীয়দেরও বুঝিয়ে দিয়েছে এবার শীতের দিন শুরু। কাশ্মীর তার রূপ বদলাতে থাকবে। ঠান্ডা কামড় বসাবে। তাই তাঁরাও ফেরান-এর মত পারম্পরিক গরম পোশাকে গা ঢাকা শুরু করে দিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











