দুর্গের তলায় লুকিয়ে ছিল মোগল যুগের রাজপ্রাসাদ, তারার মত পুকুর রহস্য আরও বাড়াল
সেই দুর্গের তলায় যে একটি আস্ত রাজপ্রাসাদ লুকিয়ে আছে তা কারও জানা ছিলনা। সেখানে আবার তারার মত দেখতে পুকুর। কেন তারার মত সেটাই রহস্য।
এতদিন এটাকে দুর্গ হিসাবেই চিনতেন সকলে। কিন্তু সেই দুর্গের তলা থেকে বেরিয়ে এল একটি রাজপ্রাসাদ। মোগল যুগের রাজপ্রাসাদ। রাজপ্রাসাদে পাওয়া গেছে দেওয়ালচিত্র সহ নানা কিছু।
এছাড়া একটি পুকুর পাওয়া গেছে। এই জলাধার দেখতে খুবই অবাক করা। জলাধারটি তারার মত দেখতে। সরাসরি পাথর কেটেই তৈরি করা হয়েছিল এই জলাধার।
কিন্তু এমন তারার মত আকার দেওয়া হয়েছিল কেন? এটা একেবারেই পরিস্কার নয় প্রত্নতাত্ত্বিকদের কাছে। ফলে তা রহস্যই রয়ে গেছে। অবশ্য এই রহস্যের কিনারা করার চেষ্টা চলছে।
আফগানিস্তানের কাবুলের দক্ষিণ ভাগে একটি দুর্গ তো ছিলই। উঁচু নিচু পাহাড়ি এলাকায় ছিল দুর্গটি। বালা হিসার দুর্গ নামেই খ্যাত এটি। যা এখন নতুন খোঁজকে সামনে রেখে আরও জনপ্রিয় হয়ে উঠেছে।
দুর্গটির তলায় যে এমন এক রাজপ্রাসাদ থাকতে পারে তা প্রত্নতাত্ত্বিকরাও বুঝে উঠতে পারেননি। তবে এ স্থাপত্য ঠিক কোন সময়ের তা এখনও পরিস্কার নয়।
রাজপ্রাসাদে দেওয়ালচিত্র ছাড়াও পাওয়া গেছে একটি সিংহাসন। স্নানের জায়গা। পাওয়া গেছে সে সময়কার মুদ্রা, সেরামিকের জিনিসপত্র, তেল লম্ফ, মাটির জিনিসপত্র। দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন নানা জিনিসও পাওয়া গেছে এই রাজপ্রাসাদে।
দুর্গের মেঝে থেকে ৩৬ ফুট পর্যন্ত খনন করে এই রাজপ্রাসাদ উদ্ধার হয়েছে। প্রসঙ্গত, রাজনৈতিক এবং সৈন্যবাহিনীর অন্যতম প্রধান কেন্দ্র যে বালা হিসার প্রাচীনকাল থেকেই ছিল তা আগেই প্রমাণিত হয়েছিল। এবার এই নতুন খোঁজ সেই ধারনাকে আরও তথ্যবহুল করে তুলতে সাহায্য করবে।











