কোথায় পৌঁছল ঘূর্ণিঝড়, বাংলায় বৃষ্টি আর কতদিন, পাওয়া গেল পূর্বাভাস
প্রাণ কেড়ে, প্রচুর ক্ষয়ক্ষতি করে এখন দুর্বল হয়ে নিম্নচাপের রূপ নিয়ে এগিয়ে চলেছে ঘূর্ণিঝড়। কোথায় পৌঁছল সেটি। কোন দিকে যাবে। বাংলায় বৃষ্টি আর কতদিন।
গত বুধবার মধ্যরাত থেকে সকাল, টানা ৬ ঘণ্টা ধরে ধ্বংসলীলা চালাতে চালাতে স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় অর্ণব। স্থলভাগে প্রবেশের পর ক্রমশ শক্তি হারিয়েছে। এখন সেটি একটি নিম্নচাপের রূপ নিয়ে এগিয়ে চলেছে স্থলভাগের মধ্যে দিয়ে।
বৃহস্পতিবার সকালে সেটি অবস্থান করছিল দক্ষিণ ছত্তিসগড়ের কাছে। ক্রমশ সেটি উত্তর অভিমুখে এগোচ্ছে। ২২ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে সেটি এগিয়ে চলেছে।
ঘূর্ণিঝড় অর্ণব দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার ঝাপটা এসে কিছুটা হলেও পড়েছে পশ্চিমবঙ্গের ওপর। যার জেরে বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি চলছে। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েই চলেছে। মেঘে ঢাকা আকাশ।
গত বুধবার আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও এভাবে টানা ঘ্যানঘ্যানে বৃষ্টি হয়নি। বৃহস্পতিবার কিন্তু সেটা চলছে। ফলে তার প্রভাব জনজীবনেও পড়েছে। সপ্তাহ মাঝের ব্যস্ত দিনে কাদা ভরা রাস্তায় বৃষ্টি মাথায় করেই কাজে বার হতে হয়েছে মানুষকে।
ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে এমনই বিক্ষিপ্ত দফায় দফায় বৃষ্টি চলতে থাকবে। মৎস্যজীবীদের বৃহস্পতিবারও সমুদ্রে যাওয়া মানা।
পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগর এখনও উত্তাল রয়েছে। আগামী শুক্রবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে মাঝেমধ্যে হালকা বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়িতে শুক্রবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।











