কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া, শীত কেন পিছোচ্ছে, পূর্বাভাস পাওয়া গেল
সামনেই কালীপুজো। উৎসব মুখর সময়। তারপর ভাইফোঁটা। পুজোর সময় কেমন থাকবে এই বাংলার আবহাওয়া। কেন পিছিয়ে যাচ্ছে শীতের আগমন।
এবার কিন্তু পুজো পিছিয়ে গিয়েছে। দুর্গাপুজো দেরিতে হয়েছে। সেইমত কালীপুজো, ভাইফোঁটাও পিছিয়েছে। নভেম্বর পড়ে গেছে। কিন্তু গরম নেহাত কম নয়। এ সময় বাতাসে যে হেমন্তের পরশ থাকার কথা তা উধাও। বরং গরম আছে। রোদের তাত সহ্য করা মুশকিল হচ্ছে।
এরমধ্যে এখন আবার মেঘে ঢাকছে আকাশ। কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়েছে। অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় মুরাসু। তার জেরে ঝড়বৃষ্টিতে নাজেহাল অন্ধ্রপ্রদেশ, ওড়িশা। প্রবল বৃষ্টি হচ্ছে তামিলনাড়ুর অন্ধ্রপ্রদেশ লাগোয়া অংশে।
এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনও প্রভাব বাংলার ওপর পড়েনি। কিন্তু একটা প্রভাব পড়েছে। মুরাসু-র জেরে শীত গেছে পিছিয়ে। তার কারণ শীতের আগমনে বাধা দিচ্ছে ঘূর্ণিঝড়। এ সময় স্বাভাবিকের চেয়ে গরম বেশি পশ্চিমবঙ্গে। রয়েছে আর্দ্রতাও। যার জেরে হালকা ঘামও হচ্ছে।
আবহবিদেরা মনে করছেন বৃহস্পতিবার থেকে আকাশ মেঘমুক্ত হয়ে যাবে। পরিস্কার আকাশ হলে রাতের দিকে পারদ পতন শুরু হবে। যা বৃহস্পতিবারের পর থেকেই শুরু হয়ে যাবে বলে মনে করছেন আবহবিদেরা। ফলে কালীপুজোর সময় হালকা পারদ পতন অনুভূত হতে পারে।
এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে কালীপুজোয় কোনও দুর্যোগের আশঙ্কা নেই। ফলে ঝলমলে দিনেই উৎসবের আনন্দ উপভোগ করতে পারবেন সকলে। কালীপুজোয় আকাশ পরিস্কার থাকবে বলেই পূর্বাভাস। শুধু কালীপুজো বলেই নয় ভাইফোঁটার আকাশও পরিস্কার থাকবে বলেই পূর্বাভাস থাকছে।











