State

পশ্চিমবঙ্গে বৃষ্টি কবে পর্যন্ত চলবে, কোথায় কেমন বৃষ্টি, জানাল আবহাওয়া দফতর

বাংলা জুড়ে উৎসবের আবহ শুরু হয়ে যাবে চলতি সপ্তাহের মধ্যভাগ থেকেই। তার আগে আকাশে মেঘের ঘনঘটা। কোথায় কেমন বৃষ্টি। কবে পর্যন্ত হবে বৃষ্টি। মিলল পূর্বাভাস।

বাংলা জুড়ে উৎসবের মরসুম শুরু হওয়ার অপেক্ষায়। তার আগে সোমবার থেকেই আকাশের মুখ ভার। মেঘে ঢাকা আকাশ। কোথাও কোথাও অল্পবিস্তর বৃষ্টিও হয়েছে। উৎসবের আগে এমন আবহাওয়া কারও পছন্দের নয়।

এই পরিস্থিতি কবে পর্যন্ত অব্যাহত থাকবে, বাংলার সাধারণ মানুষ সেটা জানতেই মুখিয়ে আছেন। এই মেঘে ঢাকা আকাশের কারণ অবশ্য অনেক দূরে থাকা একটি ঘূর্ণিঝড়। যার প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গের ওপর পড়ছেও না। এমনটা পরিস্কার করেছেন আবহবিদেরা।

তবে সেই ঘূর্ণিঝড়ের জেরে মেঘ ঢুকেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যার হাত ধরেই এই মেঘে ঢাকা আকাশ। তবে এই আকাশ বুধবার পর্যন্ত থাকবে বলেই মনে করছেন আবহবিদেরা।

এই সময়ের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টি বা বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার কোনও পূর্বাভাস নেই। তাই মেঘে ঢাকা আকাশে আরও ২ দিন কাটাতে হলেও বৃষ্টিতে ভেসে যাবেনা প্রাক উৎসবের আয়োজন।

অন্ধ্রপ্রদেশ দিয়ে ঘূর্ণিঝড় মুরাসু এখন প্রবেশ করার অপেক্ষায়। আতঙ্কের প্রহর গুনছেন সেখানকার বাসিন্দারা। মুরাসু-র জেরে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা এবং উত্তর তামিলনাড়ুতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বইতে পারে ঝড়।

তবে তার প্রভাব সরাসরি এই বাংলায় পড়ছে না। প্রসঙ্গত দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বুধবার পর্যন্ত।

Show Full Article