State

বঙ্গোপসাগরে জোড়া ফলা, রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে পর্যন্ত চলবে বৃষ্টি

বঙ্গোপসাগরে একাধারে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার সঙ্গে যোগ দিচ্ছে একটি নিম্নচাপ। যার জেরে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। কবে পর্যন্ত চলবে তাও জানা গেল।

বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত গিয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তটি অবস্থান করছে। বুধবার থেকে একটি নিম্নচাপও ওই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে।

এই জোড়া ফলায় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উপকূলীয় এলাকায় অতি ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।

বৃষ্টি আগামী কয়েক দিনে আরও বাড়বে। শুধু দক্ষিণবঙ্গ বলেই নয়, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে চলতি সপ্তাহে ভারী বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে হবে রাজ্যবাসীকে।

গত সোমবার এক প্রবল বর্ষণ দেখেছে কলকাতা। একটি এলাকায় তৈরি হওয়া ভারী মেঘ থেকে প্রবল বর্ষণ কলকাতা ও শহরতলীর অনেক জায়গা জলের তলায় নিয়ে চলে যায়। অনেক জায়গায় যে জল নামতে ১ দিনের ওপর লেগে যায়।

বঙ্গোপসাগরে জোড়া ফলায় যে প্রবল বৃষ্টি হচ্ছে তা আগামী শনিবার পর্যন্ত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে বৃষ্টি থেকে রেহাই নেই। বুধবার সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা। মেঘলা আকাশ।

শ্রাবণের প্রায় শেষে পৌঁছেও বর্ষা কিন্তু বেশ ভালই হচ্ছে বাংলায়। তুলনায় মধ্য ও পশ্চিম ভারতে বৃষ্টির পরিমাণ কম। এ বছর এল নিনো-র কারণে কম বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। তবে সেই কম বৃষ্টি এখনও পূর্ব ও উত্তরপূর্ব ভারতে সেভাবে চোখে পড়েনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App