দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কেন বৃষ্টির দাপট বাড়ল, জানাল আবহাওয়া দফতর
দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বৃষ্টি হবে। কেন হবে তাও জানালেন আবহবিদেরা। কলকাতায় কেমন যাবে আবহাওয়া তাও জানা গেল।
বুধবার টানা বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। কলকাতাও বাদ যায়নি। বৃহস্পতিবার থেকে কি বৃষ্টি কমবে? এ প্রশ্ন ছিল অনেকের। আবহাওয়া দফতর জানাচ্ছে শুক্রবারও ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণের জেলাগুলিতে।
এমন ভারী বৃষ্টির হাত থেকে আগামী ২ দিনে রেহাই নেই। আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গ থেকে মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের দিকে সরে এসেছে। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি বেড়েছে।
এছাড়া উত্তর পূর্ব বিহার থেকে বাংলা ও সিকিম জুড়ে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে।
সব মিলিয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিস্থিতি অনুকূল। যার হাত ধরে নাগাড়ে না হলেও দফায় দফায় বৃষ্টি হয়েই চলেছে। কোথাও বেশি তো কোথাও কম।
এই ভারী বৃষ্টি শুক্রবারও বজায় থাকবে। শনিবার থেকে কিছুটা হলেও কমতে পারে বৃষ্টির প্রকোপ। রবিবার থেকে বৃষ্টি অনেকটা কমবে বলেই মনে করছেন আবহবিদেরা।
উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তাই ক্ষেতে কাজ করা কৃষকদের বজ্র বিদ্যুতের সম্ভাবনা দেখলে মাঠে কাজ না করার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের ছবিটা কিন্তু কিছুটা অন্যরকম। দক্ষিণবঙ্গের দিকে মৌসুমি অক্ষরেখা সরে আসায় দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টি বেড়েছে, তেমন উত্তরবঙ্গে বৃষ্টির প্রকোপ কিছুটা কমতে চলেছে। এদিকে বৃষ্টি কমলেও বর্ষা সক্রিয় থাকায় মাঝেমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সবসময়ই থাকছে।












