National

দরজায় কড়া নাড়ছে বর্ষা, আর কিছুক্ষণের অপেক্ষা, ভারতে ঢুকছে বর্ষা

গ্রীষ্মের মাঝেই বর্ষার প্রবেশ। এ বছর যে একটু আগেই বর্ষা প্রবেশ করবে তা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। সেটাই হতে চলেছে।

বর্ষা এসে গেল। বাংলা ক্যালেন্ডার বলছে এখনও বৈশাখ মাসই শেষ হয়নি। জ্যৈষ্ঠ পুরোটাই বাকি। তবে তার মধ্যেই বর্ষা ঢুকে পড়ছে। দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। যা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুকে টেনে আনতে সাহায্য করছে।

আর তার হাত ধরেই আগামী ১৬ মে প্রবেশ করতে পারে বর্ষা। ওইদিন আন্দামান সাগরে বর্ষা ঢুকবে। বর্ষা ঢুকবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও। যা ভারতের অংশ। ফলে ১৬ মে ভারতে বর্ষার প্রবেশ হয়ে যাচ্ছে বলেই মনে করছেন আবহবিদেরা।

প্রতিবার আন্দামানেই প্রথম বর্ষা হাজির হয়। ভারতের মূল ভূখণ্ডে বর্ষার প্রবেশ অবশ্য তার অনেকটা পরে হয়। ১ জুনকে ভারতে বর্ষা প্রবেশের দিন বলে ধরে নেওয়া হয়। কেরালা দিয়ে ভারতের মূল ভূখণ্ডে বর্ষার প্রবেশ হয়।

বর্ষা প্রবেশের পূর্বাভাস দেওয়ার পাশাপাশি আবহাওয়া দফতর আরও জানিয়েছে আন্দামানে বর্ষা প্রবেশের সময় হয়ে এলেও পশ্চিম, উত্তর পশ্চিম এবং মধ্য ভারত জুড়ে প্রবল তাপপ্রবাহের সম্ভাবনা। তাপপ্রবাহ অবশ্য রাজস্থানের একাংশে চলছে।

বারমের-এ পারদ চড়েছে ৪৮ ডিগ্রির ওপর। যেভাবে লাফ দিচ্ছে বারমেরের তাপমাত্রা তাতে তা ৫০ ছুঁয়ে ফেলে কিনা সেদিকে চেয়ে আছেন অনেকে।

কারণ ২০২৪ সালেই বারমেরের পারদ চড়েছিল প্রায় ৫০ ডিগ্রির কাছে। এদিকে শুধু বারমের বলেই নয়, রাজস্থানের ৩টি জেলা জুড়েই তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *