National

প্রেমের টানে কানাডা থেকে ভারতে উড়ে এলেন মহিলা, বয়সের কারণে বিয়েতে অরাজি যুবক

ভারতীয় এক যুবককে বিয়ে করতে কানাডা থেকে উড়ে আসেন এক মহিলা। কিন্তু যুবক সাফ জানিয়ে দেন বয়সের কারণে তিনি এ বিয়ে করতে পারবেননা।

ভারতীয় এক যুবকের সঙ্গে ডেটিং অ্যাপে আলাপ হয় কানাডার এক মহিলার। সম্পর্ক গভীর হয়। ওই মহিলা অবশেষে যুবককে বিয়ে করার জন্য কানাডা থেকে উড়ে আসেন ভারতে। তিনি আসছেন একথা ওই যুবকও জানতেন। তিনি দিল্লি বিমানবন্দরে ওই মহিলাকে নিতেও যান।

তারপর তাঁরা সেখান থেকে রাজস্থানের নিমরাণায় যুবকের এক আত্মীয়ের বাড়িতে এসে ওঠেন। সেখানে ওই যুবক মহিলাকে বিয়ে করতে অস্বীকার করেন। যুবক সাফ জানিয়ে দেন মহিলার বয়স অনেক বেশি। ৬০ বছরের বেশি। তাই তিনি বিয়ে করতে পারবেননা।

কানাডা থেকে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিয়ে করতে আসা ওই মহিলা বিষয়টি মেনে নিতে পারেননি। তিনি যোগাযোগ করেন কানাডার দূতাবাসে। সেখানে বিষয়টি জানান। তারপর স্থানীয় থানাতেও অভিযোগ দায়ের করেন। সেখান থেকেই পুলিশ পুরো বিষয়টি জানতে পারে।

অভিযোগ দায়েরের পর ওই যুবককে আটক করে পুলিশ। ২ জনকেই পুলিশ জিজ্ঞাসাবাদ করে। ওই যুবক হরিয়ানার বাসিন্দা বলেও জানতে পারে পুলিশ। এ ঘটনার কথা দ্রুত ছড়িয়ে পড়ে।

ভারতীয় পুরুষের প্রেমে পড়ে ভিন দেশ থেকে সেখানকার নারীদের ভারতে উড়ে আসা, বিয়ের পিঁড়িতে বসা, এসব ঘটনা নতুন নয়। কিন্তু এক্ষেত্রে যুবকের বিয়ে করতে অস্বীকার করাটাই এই ঘটনাকে অন্য মোড় দিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এই ঘটনার কথা বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই জানতে পারেন বিষয়টি।

Show Full Article