National

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির পরিস্থিতি, ইতিমধ্যেই শুরু বৃষ্টি

বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার অপেক্ষায়। এমনই মনে করছেন আবহবিদেরা। যার জেরে বৃষ্টি শুরু হয়ে গেছে কয়েক জায়গায়।

বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই পরপর ২টি ঘূর্ণিঝড় অর্ণব ও মুরাসু তাদের শক্তি ও ধ্বংস দেখিয়ে দিয়েছে। সেই ধাক্কা সামাল দিতে দিতেই ফের নতুন একটি ঘূর্ণিঝড় দানা বাঁধছে বঙ্গোপসাগরে।

বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা শক্তি বাড়িয়ে চলেছে। আবহবিদেরা মনে করছেন এর হাত ধরেই বঙ্গোপসাগরে তৃতীয় ঘূর্ণিঝড়টি জন্ম নিতে পারে।

আর তা যদি হয় তাহলে ১ মাসেরও কম সময়ে ৩টি ঘূর্ণিঝড় তৈরি হবে বঙ্গোপসাগরে। এদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপটির জেরে তামিলনাড়ু ও পুদুচেরিতে ভালই বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির দাপটও বাড়ছে।

নিম্নচাপটি শক্তি বাড়ানোর সঙ্গে সঙ্গে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সেখানে সেটি ক্রমে শক্তি আরও বাড়িয়ে উত্তর উত্তরপূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

আবহবিদেরা মনে করছেন আগামী সোমবার সন্ধের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। ইতিমধ্যেই বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করেছে। মৎস্যজীবীদের বঙ্গোপসাগরের দক্ষিণ, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব এবং মধ্য অংশে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত না যেতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

তবে এর প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গের ওপর আদৌ পড়বে কিনা সেদিকে নজর রাখছে আবহাওয়া দফতর। নজর রাখা হচ্ছে নিম্নচাপটির গতি প্রকৃতির ওপরও। এখন যা পূর্বাভাস তাতে আগামী বুধবার পর্যন্ত এ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article