বঙ্গোপসাগরে তৈরি হতে চলা ঘূর্ণিঝড়ের নাম তৈরি, কারা দিল এই নাম
বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে এবার ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে। কি হবে এই ঘূর্ণিঝড়ের নাম। কাদের দেওয়া নাম।
ঘূর্ণিঝড় যখন আসে তখন তা একটি নামে পরিচিত হয়। ইতিমধ্যেই ২টি সাম্প্রতিক ঘূর্ণিঝড় অর্ণব ও মুরাসু তার তাণ্ডব দেখিয়েছে। ফলে বঙ্গোপসাগরে তৈরি হতে চলা তৃতীয় ঘূর্ণিঝড়টির নামও স্থির হয়ে গেছে। তবে যতক্ষণ না সেটি তৈরি হচ্ছে ততক্ষণ আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেনা আবহাওয়া দফতর। ফলে নামটা তৈরি রাখা হয়েছে।
আবহবিদেরা যা মনে করছেন সেইমত ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে গেলে তার নামও সামনে আসবে। যে নামটি হতে চলেছে এই তৈরি হতে চলা ঘূর্ণিঝড়টির সেটা ইরানের দেওয়া নাম। নাম হতে পারে আকভান। প্রসঙ্গত ঘূর্ণিঝড়ের নামকরণ ২০০৪ সাল থেকে শুরু হয়েছে।
পারস্য রূপকথায় এক দানবের নাম আকভান। সেই থেকেই এই নামকরণ। ঘূর্ণিঝড়ও আদপে এক দানবই। যা কেবল ধ্বংসই বয়ে আনে। তাই সেদিক থেকে নামটি বেশ প্রাসঙ্গিকও।
যদিও এটা বলে রাখা ভাল যে এটা সম্ভাব্য নাম। ঘোষিত নাম নয়। কারণ ঘূর্ণিঝড়টিই এখনও জন্ম নেয়নি। তা ১৭ তারিখের মধ্যে জন্ম নেবে বলে মনে করছেন আবহবিদেরা। যা তৈরি হওয়ার পর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
তা যদি হয় তাহলে মাত্র ২০ দিনের ব্যবধানে অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে ৩টি ঘূর্ণিঝড় প্রবেশ করবে। ইতিমধ্যেই হাজার হাজার কোটি টাকার ক্ষতি করেছে ২টি ঘূর্ণিঝড়। তৃতীয়টি আসার পর আরও বাড়বে ক্ষয়ক্ষতির অঙ্ক।
ইতিমধ্যেই মৎস্যজীবীদের ফেরানো হয়েছে সমুদ্র থেকে। কৃষকদের জমি রক্ষার ব্যবস্থা আগেভাগে করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশ প্রশাসনের তরফে।











