বঙ্গোপসাগরে জন্ম নিচ্ছে নতুন ঘূর্ণিঝড়, কবে কোথায় আছড়ে পড়বে জানাল আবহাওয়া দফতর
বঙ্গোপসাগরে পরপর তৈরি হচ্ছে নিম্নচাপ। তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়। নতুন তৈরি হতে চলা ঘূর্ণিঝড়টি কোথায় কবে আছড়ে পড়বে তার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ মেলাতে না মেলাতেই তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ। তা আবার শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। অর্ণব ও মুরাসু নামে ২টি ঘূর্ণিঝড় পরপর আঘাত হেনেছে অন্ধ্রপ্রদেশ উপকূলে।
মাত্র কয়েক দিনের ব্যবধানে ২টি ঘূর্ণিঝড়ের তাণ্ডবের জের এখনও কাটিয়ে উঠতে পারেনি অন্ধ্রপ্রদেশ। তার আগেই বঙ্গোপসাগরে তৃতীয় ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে।
আবহবিদেরা মনে করছেন, এই ঘূর্ণিঝড়টিও অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়েই স্থলভাগে প্রবেশ করবে। তার মানে ফের একটি ঘূর্ণিঝড়ের ধাক্কা আসতে চলেছে দক্ষিণ ভারতের এই রাজ্যের ওপর।
বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ আগেই তৈরি হয়ে এখন শক্তি বাড়াচ্ছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সেটি এখন গভীর নিম্নচাপের চেহারা নিয়েছে। উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ ও মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে এটি একটি ঘূর্ণিঝড়ের চেহারা নিতে চলেছে।
১৭ নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে আসবে। অচিরেই প্রবেশ করবে অন্ধ্রের স্থলভাগে। ইতিমধ্যেই ফসল রক্ষা করতে কৃষকদের প্রয়োজনীয় পদক্ষেপ করার পরামর্শ দিয়েছে রাজ্য প্রশাসন।
এই ঘূর্ণিঝড়টি প্রবেশ করলে মাত্র ২০ দিনের মধ্যে ৩টি ঘূর্ণিঝড়ের ধাক্কা সামাল দিতে হবে অন্ধ্রপ্রদেশকে। গত ২৭ অক্টোবর অন্ধ্রপ্রদেশের নারসাপুর দিয়ে স্থলভাগে প্রবেশ করেছিল শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। এই ঘূর্ণিঝড়ই ৪ হাজার ৬০০ কোটি টাকার সম্পত্তির ক্ষতি করে।
এরপর গত ৩ নভেম্বর অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও নারসাপুরের মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করে শক্তিশালী ঘূর্ণিঝড় মুরাসু। যার জেরে ক্ষতির অঙ্ক ছিল ১ হাজার ৯১৯ কোটি টাকা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











