SciTech

মহাকাশে কৃত্রিম উপগ্রহ রেখে ফিরে এল মহাকাশযান, ২ হাতে লুফে নিল উৎক্ষেপণ স্তম্ভ

এমন দৃশ্য এই প্রথম দেখল পৃথিবী। উৎক্ষেপণ স্তম্ভ ২ হাত বাড়িয়ে লুফে নিচ্ছে একটি মহাকাশযানকে। অভিনব সাফল্যের সাক্ষী হল বিশ্ব।

মহাকাশে কোনও কৃত্রিম উপগ্রহ বা গভীর মহাশূন্যে কোনও যান পাঠাতে গেলে তাকে পৃথিবীর বাইরে ছেড়ে আসে একটি রকেট। এটাই চলে আসছে। কিন্তু সে রকেট উড়ে গিয়ে আর ফেরে না। নষ্ট হয়ে যায়।

এত খরচ করে তৈরি উন্নত প্রযুক্তির রকেট এবার পৃথিবীতে ফেরানোর ব্যবস্থা তাই পাকা করতে চাইছেন বিজ্ঞানীরা। আর তা করতে গিয়ে চলছে একের পর এক পরীক্ষা।

স্পেসএক্স-এর স্টারশিপ টেক্সাসের উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাড়ি দিয়েছিল মহাকাশে। সেখানে পৌঁছে ২৬টি স্টারলিঙ্ক ভি৩ কৃত্রিম উপগ্রহ নির্দিষ্ট কক্ষে উপস্থাপিত করে রকেটটি। তারপর মহাকাশেই প্রায় ২০ ঘণ্টা কাটায়।

২০ ঘণ্টা মহাকাশে কাটানোর পর পরিকল্পনা মতই নিয়ন্ত্রণকারী বিজ্ঞানীদের দল সেটিকে পৃথিবীতে ফিরিয়ে আনার প্রস্তুতি শুরু করে। পৃথিবীতে ফেরার জন্য প্রয়োজনীয় যান্ত্রিক কার্যকলাপ শুরু হয়ে যায়। ফিরতে শুরু করে স্টারশিপ।

মহাকাশ থেকে ক্রমে ফিরতি পথে টেক্সাস উপকূলের দিকে রওনা দেয় সেটি। মেঘের বুক চিরে পৃথিবীর কাছে এসে পড়ার পর ৩টি ব়্যাপটর ইঞ্জিন চালু করে দেয়। গতি কমতে থাকে। ধীরে ধীরে স্টারশিপ এগিয়ে আসতে থাকে যেখান থেকে সে উড়ে গিয়েছিল সেই উৎক্ষেপণ কেন্দ্রের দিকে।

সেখানে তৈরি ছিল উৎক্ষেপণ স্তম্ভের ২টি যান্ত্রিক হাত। সেখানে পৌঁছনোর পর স্টারশিপকে সেই হাত ২টি কার্যত জাপটে ধরার মত করে ধরে নেয়। ঠিক যেখান থেকে উড়ে গিয়েছিল সেখানেই সাড়ে ২২ ঘণ্টা পর ফিরে আসে স্পেসএক্স-র স্টারশিপ।

স্টারশিপ পৃথিবীতে ফিরিয়ে আনার পরীক্ষা হিসাবে এটি ছিল ১৫ তম। কিন্তু এই প্রথম বিশ্ব এক দৃশ্যের সাক্ষী হল। এই প্রথম যান্ত্রিক ২টি বাহু ধরে নিল ফিরে আসা স্টারশিপকে।

Show Full Article