ফাটল নজরে পড়তেই জলের কলসি হাতে মাঠে ঘুরছেন কৃষকরা
হাতে তাঁদের জলের কলসি। সে কলসিতে জল ভরা। সেটা নিয়ে এখন মাঠে টহল দিচ্ছেন কৃষকরা। দেশের একাংশে এ দৃশ্য নজর কেড়েছে সকলের।
মাঠ ভরে আছে ধানগাছে। সবুজ ধানের ক্ষেতের দেখভাল যাঁদের হাতে সেই কৃষকরা তাঁদের নিজের নিজের জমিতে এখন ঘুরে বেড়াচ্ছেন কলসি হাতে। জল ভরা কলসি।
যেদিন থেকে ফাটল তাঁদের নজর কেড়েছে সেদিন থেকেই তাঁরা হাতে তুলে নিয়েছেন জলের কলসি। এ দৃশ্য দেখা যাচ্ছে কর্ণাটকের তাঞ্জাভুরের আশপাশের অনেক গ্রামে।
সেখানকার কৃষকরা এখন হাতে কলসি নিয়ে যাচ্ছেন আশপাশের পুকুর বা দিঘিতে। সেখান থেকে জল তুলে নিয়ে আসছেন কলসি করে। তারপর সেই জল ভরা কলসি নিয়ে নিজের ক্ষেতে ঘুরে বেড়াচ্ছেন।
এখানে চাষাবাদের অনেকটাই নির্ভর করে কাবেরী নদীর জলের ওপর। সেই জল অনেকটাই কমে গেছে। যথেষ্ট জল খালগুলিতে নেই। ফলে সেখান থেকে জল এনে জলসেচের যে উপায় রয়েছে তা মোটেও কাজে আসছে না।
জলসেচের জন্য জমি পর্যন্ত আসা খালে জল নেই। এদিকে ধান চাষে পর্যাপ্ত জলের প্রয়োজন। কিন্তু এখানে ধানক্ষেতের মাটি জল না পাওয়ায় তাতে ফাটল ধরা শুরু হয়েছে। যা দ্রুত ধান নষ্ট করে দিতে পারে।
তাই জমিতে ঘুরে ফাটল নজরে এলে সেখানে কলসি থেকে জল ঢেলে দিচ্ছেন কৃষকরা। মাটিতে যথেষ্ট জল যাতে থাকে তা নিশ্চিত করতে তাঁরা কলসি খালি হলেই ফের ছুটছেন কাছের জলাশয় থেকে কলসিতে জল ভরে আনতে।
দিনভর তাঁদের এই পরিশ্রম চালিয়ে যেতে হচ্ছে। লক্ষ্য একটাই। ক্ষেতে যত্ন করে রোপণ করা ধান যেন নষ্ট না হয়ে যায়। বর্ষায় বৃষ্টি ঘাটতি এর একটা বড় কারণ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











