National

সন্ধে নামলেও এ গ্রামের প্রতিটি বাড়ির ভরসা সেই সূর্যের তেজ, ইতিহাসের পাতায় দেশের গ্রাম

ভারতের একটি অনন্য গ্রাম হয়ে গেল খৈরা গ্রাম। যেখানে সন্ধে নামলেও প্রতিটি মানুষ ভরসা করেন সূর্যের তেজকেই। ইতিহাসের পাতাতেও জায়গা করে নিল এই গ্রাম।

ভারতে গ্রামের সংখ্যা অনেক। কিন্তু তার মধ্যে কয়েকটি গ্রামের কথা আলাদা করে আলোচিত হয়। বিভিন্ন বইয়ে সে গ্রামের নাম থেকে যায়। এমনই একটি গ্রাম খৈরা।

এই গ্রামে রয়েছে ১৪১টি বাড়ি। আর এই প্রতিটি বাড়ির বাসিন্দাদের এখন সন্ধে নামলেও ভরসা সেই সূর্য। কারণ এটিই ভারতের প্রথম একটি গ্রাম যে গ্রামের প্রতিটি বাড়িই সৌরশক্তি থেকে বিদ্যুৎ পাচ্ছে।

প্রতিটি বাড়িতেই বসানো হয়েছে সোলার প্যানেল। ছাদের ওপর বা দালানে খোলা জায়গায় সোলার প্যানেল বসিয়ে বাড়ির প্রয়োজনীয় যাবতীয় বিদ্যুৎ পাচ্ছেন গ্রামবাসীরা।

প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পের আওতায় মুফত বিজলি যোজনা-য় ছত্তিসগড়ের খৈরা-ই হল দেশের প্রথম গ্রাম যে গ্রামের প্রতিটি বাড়িই এখন সৌর বিদ্যুতের ভরসায়। প্রতিটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হয়েছে।

এতে বিদ্যুতের খরচ বেঁচে যাচ্ছে। বিদ্যুৎ নিজেরাই তৈরি করে নিচ্ছেন গ্রামবাসী। সরকারি সহায়তায় প্রতি মাসের একটি খরচ থেকে অনেকটাই অব্যাহতি পেয়েছেন এই ছোট্ট গ্রাম খৈরা-র বাসিন্দারা।

৮৮৯ জন বাসিন্দার এই গ্রাম কেবল এক অনন্য নজিরই গড়ল না, সেই সঙ্গে দেশের ইতিহাসের পাতায় জায়গা করে নিল। যদি উপর থেকে এই গ্রামকে দেখা হয় তাহলে দেখা যাবে এ গ্রামের ১৪১টির মধ্যে এমন একটিও বাড়ি নেই যে বাড়ির ছাদে সোলার প্যানেল লাগানো নেই।

প্রসঙ্গত বাড়িতে সোলার প্যানেল বসানোর এই খরচও পরিবারগুলিকে বহন করতে হয়নি। সরকারি সহায়তায় গ্রাম জুড়ে বসেছে এই সোলার প্যানেলগুলি।

প্রতিটি বাড়িতে বসানো সোলার প্যানেল থেকে ২ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হতে পারে। যে বিদ্যুৎ গ্রামবাসীদের অতিরিক্ত হচ্ছে তা তাঁরা আবার স্থানীয় গ্রিডে দিয়েও দিতে পারছেন।

Show Full Article