State

আকাশ মেঘলা, ভাইফোঁটা কি ভাসবে, সপ্তাহ শেষে কি শীতের ছোঁয়া, পাওয়া গেল পূর্বাভাস

মঙ্গলবার সকালে কিছুটা রোদের দেখা পাওয়া গেলেও তারপর থকে আকাশে মেঘের আনাগোনা। ভাইফোঁটা কি তাহলে বৃষ্টিতে ভিজবে, পাওয়া গেল পূর্বাভাস।

ভাইবোনের অটুট বন্ধনের বাৎসরিক উদযাপনের অন্যতম ভাইফোঁটা। এই দিনটার অপেক্ষায় সারা বছর থাকেন মানুষজন। কালীপুজোর পরই ভাইফোঁটা দিয়ে কার্যত বাঙালির উৎসবের মরসুমে ইতি পড়ে। ভাইফোঁটার দিনের উৎসবের আনন্দ তাই চুটিয়ে উপভোগ করতে চান সকলে।

কিন্তু সে আনন্দ ষোলোকলা পায় আবহাওয়া সঙ্গ দিলে। ঝলমলে আবহাওয়া, হেমন্তের আলতো শীতের পরশ নিয়ে একটা সুন্দর মেঘমুক্ত দিন ভাইফোঁটার আনন্দকে আরও বাড়িয়ে দেয়।

এবার সেটাই হয়তো পাওয়া যাবেনা। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী এবার ভাইফোঁটার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ জুড়ে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আকাশে মেঘের আনাগোনা থাকতেই পারে। তাই ভাইফোঁটার দিন মেঘলা আকাশেই কাটাতে হতে পারে সকলকে। যা উৎসবের আনন্দে কিছুটা হলেও প্রভাব ফেলবে।

দক্ষিণবঙ্গে এই বৃষ্টির পরিবেশ স্থায়ী হতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। বৃহস্পতিবার অবশ্য সব জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। মাত্র ৪টি জেলায় ওইদিন বৃষ্টি হতে পারে। যেগুলি হল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। তারপর আকাশ পরিস্কার থাকবে।

দক্ষিণবঙ্গে সপ্তাহ শেষে পারদ ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। ফলে সপ্তাহ শেষে শীতের পরশ পেতে পারেন রাজ্যবাসী। উত্তরবঙ্গে বুধবার পর্যন্তই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপর শুকনো আবহাওয়া বিরাজ করবে। তবে দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদ পরিবর্তনের কোনও সম্ভাবনা চলতি সপ্তাহে নেই।

Show Full Article